পরিবেশদূষণের দায়ে তিন কারখানাকে ক্ষতিপূরণ দিতে হবে

পরিবেশের জন্য ক্ষতিকর তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় নির্গমন করায় নারায়ণগঞ্জে তিনটি কারখানাকে ৪৬ লাখ ২৯ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) আনোয়ার হোসেন হাওলাদার এ ক্ষতিপূরণ ধার্য করেছেন।
গতকাল বুধবার পরিবেশদূষণ-বিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আনোয়ার হোসেন হাওলাদার সদর দপ্তরে শুনানি শেষে ক্ষতিপূরণ ধার্য করেন। বিকেলে পরিবেশ অধিদপ্তরের (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) সহকারী পরিচালকের পক্ষে মোজাহিদুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এনফোর্সমেন্ট উইং কারখানাগুলো সরেজমিন পরিদর্শন করে। পরিদর্শনকালে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ছাড়া কারখানা পরিচালনার মাধ্যমে তরল বর্জ্য সরাসরি নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করতে দেখা যায়। এ ছাড়া ইটিপি বন্ধ রেখে কারখানায় সৃষ্ট তরল বর্জ্য বাইপাস ড্রেনের মাধ্যমে পার্শ্ববর্তী খালে নির্গমন করে কারখানা পরিচালনা করতে দেখা যায়। এ কারণে প্রতিষ্ঠানগুলোকে নোটিশের মাধ্যমে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের এনফোর্সমেন্ট উইংয়ে তলব করে শুনানি করা হয়। এরপর বি ব্রাদার্স গার্মেন্টস লিমিটেডকে ২৬ লাখ ৮ হাজার, সাইবা টেক্সটাইলকে ১৯ লাখ ৯৬ হাজার ও বাংলাদেশ পেট্রোকেমিক্যাল কোম্পানিকে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়। কারখানাগুলোকে ক্ষতিপূরণ আরোপের পাশাপাশি অনতিবিলম্বে ইটিপি নির্মাণ ও ইটিপি চালু রেখে সৃষ্ট তরল বর্জ্যের মানমাত্রা পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ অনুযায়ী নির্ধারিত মান মাত্রার মধ্যে রেখে পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়।