পরিবেশদূষণের দায়ে দুই লাখ টাকা জরিমানা
পরিবেশদূষণের দায়ে মদিনা ট্যানারি নামের কারখানার মালিক আবু মোহাম্মদকে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ডের দিয়েছেন পরিবেশ আদালত।
আজ সোমবার আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। মদিনা ট্যানারি পরিবেশ ছাড়পত্র ও বর্জ্য শোধনাগার (ইটিপি) ছাড়া কারখানা পরিচালনা করে পরিবেশদূষণ করে আসছিল বলে রায়ে উল্লেখ করা হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আবদুল খালেক ২০০৫ সালের ৮ আগস্ট বায়েজিদ থানায় মদিনা ট্যানারির বিরুদ্ধে মামলা করেন। পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ২০০৮ সালের ৮ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০০৩ সালের ২৫ ফেব্রুয়ারি মামলাটির অভিযোগ গঠন করা হয়। এই মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে আটজন সাক্ষ্য দেন।
মামলাটির রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন বদরুল আলা। তিনি বলেন, ‘অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এই দণ্ডাদেশ দেন। পাশাপাশি আদালত পরিবেশ ছাড়পত্র ও ইটিপি ছাড়া কারখানা পরিচালনা করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন।’