পরিবেশদূষণের দায়ে নয়টি প্রতিষ্ঠানকে জরিমানা
পরিবেশদূষণের দায়ে আটটি শিল্পকারখানা ও একটি ইটভাটাকে দেড় কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট বিভাগ শুনানি শেষে এ জরিমানা করে। কারখানা ও ইটভাটাগুলো নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও কুষ্টিয়া জেলার। পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) এ কে এম মিজানুর রহমান বলেন, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পরিবেশ ধ্বংস করা এবং পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে ওই জরিমানা করা হয়েছে।
শুনানি শেষে গাজীপুরের রাসিক টেক্সটাইল মিলস লিমিটেড, কেয়ার টেক্স ফিনিশিং মিলস লিমিটেড ও রেইনবো প্রসেসিংকে যথাক্রমে ৭৫ লাখ ৪৭ হাজার টাকা, ৪৬ লাখ ৬৯ হাজার ও ৮ লাখ ৬০ হাজার টাকা; নারায়ণগঞ্জের হারুন ডাইং, মজুমদার ওয়াশিং, হৃদয় ডাইং অ্যান্ড শওকত আলী টেক্সটাইল এবং এম আর ডাইংকে যথাক্রমে ২ লাখ ৯৪ হাজার, ২ লাখ ৩৬ হাজার, ১ লাখ ১৩ হাজার ও ১২ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়। এ ছাড়া নরসিংদী জেলায় অবস্থিত আবদুল্লাহ ডাইং ইন্ডাস্ট্রি লিমিটেডকে ১২ লাখ ১৩ হাজার টাকা এবং কুষ্টিয়ার খোকসায় অবস্থিত সামি নয়ন ব্রিকসকে কৃষিজমিতে অবৈধভাবে ইটভাটা স্থাপন এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করার দায়ে ২ লাখ ৬৮ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়।
পরিবেশ অধিদপ্তর থেকে শিল্পপ্রতিষ্ঠানগুলো পরিদর্শনকালে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ছাড়াই কারখানা পরিচালনা করা এবং ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে কারখানাগুলো পরিচালনা করতে দেখা যায়।