পরিবেশদূষণের প্রতিবাদে দুই গ্রামবাসীর মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী সদর উপজেলার চর দরবেশ এলাকার পরিবেশ দূষণ বন্ধের দাবিতে স্থানীয় দুই গ্রামের বাসিন্দারা গতকাল আইন্নালাসা বাজারে মানববন্ধন করেন l প্রথম আলো
নোয়াখালী সদর উপজেলার চর দরবেশ এলাকার পরিবেশ দূষণ বন্ধের দাবিতে স্থানীয় দুই গ্রামের বাসিন্দারা গতকাল আইন্নালাসা বাজারে মানববন্ধন করেন l প্রথম আলো

নোয়াখালী সদর উপজেলার চর দরবেশ ও চর শুলকিয়া গ্রামের পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় আইন্নালাছা বাজারে এসব কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ কৃষক মৈত্রীর সহযোগিতায় এ মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন চর শুল্লাকিয়া গ্রামের বাসিন্দা আবদুর রব সারেং। বক্তব্য দেন বাংলাদেশ কৃষক মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি মনির আহমেদ, গ্রামবাসী মফিজ মিয়া, আবুল কালাম, হানিফ মিয়া, জাকের আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, চরদরবেশ গ্রামে ছয়-সাত মাস আগে একটি কারখানা স্থাপন করা হয়। কারখানাটিতে পুরোনো টায়ার পুড়িয়ে তেল উৎপাদন করা হয়। রাতের বেলায় যখন টায়ার পোড়ানো হয়, তখন তীব্র দুর্গন্ধে আশপাশের এলাকায় বসবাস করা দুরূহ হয়ে পড়ে।
গ্রামবাসীর পক্ষ থেকে তাঁরা কর্তৃপক্ষকে ওই স্থান থেকে কারখানাটি অন্যত্র সরিয়ে নেওয়া কিংবা দুর্গন্ধ ছড়ানো বন্ধ করতে বলা হলে সপ্তাহ খানেক আগে সাময়িকভাবে টায়ার পোড়ানো বন্ধ রাখা হয়। কিন্তু কয়েক দিন ধরে কারখানাটি আবার চালু করার পাঁয়তারা চলছে।
এলাকাবাসীর অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কারখানার টেকনিশিয়ান দীপক মহন্ত প্রথম আলোকে বলেন, এলাকাবাসীর অভিযোগ ভিত্তিহীন। কারখানা থেকে পরিবেশের ক্ষতিকর কোনো দুর্গন্ধ ছড়াচ্ছে না। কারণ, এ কারখানা থেকে বর্জ৵ বের হওয়ার কোনো সুযোগই নেই।
এ বিষয়ে বক্তব্যের জন্য পরিবেশ অধিদপ্তরের নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করে সহকারী পরিচালককে পাওয়া যায়নি। ল্যান্ডফোনে ফোন করলে কর্মকর্তা চট্টগ্রামে মিটিংয়ে আছেন বলে জানানো হয়।