পরিবেশবাদীদের আন্দোলন অর্থহীন: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প করলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে বলে পরিবেশবাদীরা যে আন্দোলন করছেন, তা অর্থহীন ও ভিত্তিহীন।

আজ রোববার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী এ কথা বলেন। আন্দোলনকারীদের বক্তব্য তথ্যভিত্তিক নয় বলেও দাবি করেন অর্থমন্ত্রী। আন্দোলনকারীদের উদ্দেশে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘ভুল জায়গায় দাঁড়িয়ে তাঁরা আন্দোলন করছেন।’

রামপালে তাপবিদ্যুৎকেন্দ্র করার সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবেশের ওপর এর কোনো প্রভাব পড়বে কি না, তা বিশ্লেষণ করা হয়েছে বলেও দাবি করেন অর্থমন্ত্রী।

আবুল মাল আবদুল মুহিত দাবি করেন, পরিবেশের কোনো ক্ষতি যাতে না হয়, সে চিন্তা করেই রামপালে বিদ্যুৎকেন্দ্র করার সিদ্ধান্ত হয়েছে।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে কয়লাভিত্তিক আটটি বিদ্যুৎকেন্দ্র করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

রামপালে তাপবিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন থেকে সরকার ১১ অক্টোবরের মধ্যে সরে না এলে ১২ অক্টোবর থেকে সুন্দরবন রক্ষায় নতুন কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছে জাতীয় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

গতকাল শনিবার মংলার দিগরাজ বাসস্ট্যান্ডে পাঁচ দিনের লংমার্চের কর্মসূচির শেষ দিনে সুন্দরবন ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে মংলায় জাতীয় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির লংমার্চ কর্মসূচি শেষ হয়।