রাজশাহী নগরের রায়পাড়ায় পুরোনো আমবাগান ধ্বংস করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) আবাসন প্রকল্প গ্রহণের পরিকল্পনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে।
বেলা ১১টার দিকে নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও আমবাগান মালিক সমিতি যৌথভাবে এ কর্মসূচি পালন করে। এর আগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন থেকে আরডিএ কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ব্যক্তিমালিকাধীন আমবাগান অধিগ্রহণ করে আবাসন প্রকল্পের যে পরিকল্পনা করা হয়েছে তা থেকে আরডিএ সরে না এলে মানুষের সম্পদ ও পরিবেশ রক্ষার স্বার্থে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। কর্মসূচি চলাকালে আরডিএ চেয়ারম্যান আবদুস সামাদের কুশপুত্তলিকা দাহ করা হয় এবং তাঁকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সুশাসনের জন্য প্রচার (সুপ্র)-এর কেন্দ্রীয় সভাপতি মোস্তাফিজুর রহমান খান, জাসদের মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ প্রমুখ।