পরিবেশবান্ধব উন্নয়ন অব্যাহত রাখাই বড় চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিক জনসংখ্যা ও অপরিকল্পিত নগরায়ণ বাংলাদেশের বড় সমস্যা। এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। এসব সমস্যা মোকাবিলা করে পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাওয়াই বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ। গতকাল শুক্রবার ‘মহাজোট সরকারের তিন বছর: পরিবেশ বিপর্যয় মোকাবিলায় সাফল্য ও ভবিষ্যতের চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন। সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে ধারাবাহিক সেমিনারের অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ সেমিনারটির আয়োজন করে।সেমিনারে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের নেওয়া নানা প্রকল্প ও পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, ১৯২৭ সালের বন আইন পরিবর্তন করা হয়েছে। সবুজ বনায়নের লক্ষ্যে চারা উৎপাদন চার কোটি থেকে ১০ কোটিতে উন্নীত করা হয়েছে। পাহাড় কাটার বিরুদ্ধে মামলা চার গুণ বৃদ্ধি পেয়েছে। ৬০ শতাংশ শিল্পকারখানায় বর্জ্য শোধনযন্ত্র স্থাপন করা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার সময় ১০ শতাংশ শিল্পে শোধনযন্ত্র ছিল। অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিদেশি সাহায্যের পাশাপাশি সরকার গত তিন অর্থবছরে দুই হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। হাতে নেওয়া প্রকল্পের অগ্রগতি ও এর সুফল কতটা পাওয়া গেছে, সে বিষয়ে শক্ত মূল্যায়ন করতে হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, পর্যটন এলাকাসহ বিভিন্ন স্থানে স্থানীয় সরকার বহুতল ভবন নির্মাণের অনুমতি দিচ্ছে। ভবন হওয়ার পর পরিবেশ অধিদপ্তর বলছে, এটা পরিবেশের জন্য ক্ষতিকর। এতে ঝামেলা তৈরি হচ্ছে। তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের সঙ্গে স্থানীয় সরকারের সমন্বয় দরকার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হাবিবুর রহমান বলেন, নিজের জমির গাছ কাটতে হলেও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেওয়ার বিধান আছে। একইভাবে নিজের জায়গায় বাড়ি করার সময়ও যাতে পরিবেশ ছাড়পত্র নিতে হয়, সে ব্যবস্থা থাকা উচিত। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংসদ সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, মানুষের জীবনমান উন্নয়ন করতে হলে জ্বালানির ব্যবহার বৃদ্ধি করতে হবে। জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও উন্নয়ন পরিবেশের ওপর প্রভাব ফেলে। তাই আগামী দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করা। বাংলাদেশের জন্য অঞ্চলভিত্তিক পরিকল্পনা নেওয়ার সুপারিশ করেন তিনি।সাবের চৌধুরী আরও বলেন, ঢাকায় প্রতিদিন পাঁচ হাজার টন বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে মাত্র আড়াই হাজার টন বর্জ্য অপসারণের ক্ষমতা আছে সিটি করপোরেশনের। বাকি আড়াই হাজার টন বর্জ্য অপসারণে সুষ্ঠু ব্যবস্থাপনা জরুরি। সাবের চৌধুরী আরও বলেন, সব সমস্যা সমাধানে সরকার আন্তরিক এবং তাদের দায়িত্ববোধও আছে। আইনও প্রণয়ন করেছে অনেক। এখন দরকার সামাজিক সম্পৃক্ততা। সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক দুর্গাদাস ভট্টাচার্য। আরও বক্তব্য দেন জাতীয় সাংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি। সেমিনার পরিচালনা করেন আওয়ামী লীগের নেতা আফজাল হোসেন।