পরিবেশবান্ধব কলকারখানা গড়তে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পরিবেশের ক্ষতি না হয়, সেদিকে নজর রেখে পরিবেশবান্ধব কলকারখানা গড়তে হবে। আমাদের প্রত্যাশা, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারিভাবেও খুলনায় নতুন নতুন শিল্পকারখানা গড়ে উঠুক।’

গতকাল শনিবার খুলনা প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এসব কথা বলেন। তিনি শিরোমণি এলাকায় তার উৎপাদনকারী প্রতিষ্ঠান এসডি কেব্‌লস-এর বাণিজ্যিক উৎপাদন ও বিপণনের উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী বলেন, টেলিযোগাযোগের ব্যবহার মানুষের মধ্যে যত বেশি বাড়বে, তথ্যপ্রযুক্তির আকর্ষণ তত বাড়বে। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে সরকার ইতিমধ্যে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশকে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী যার যার অবস্থান থেকে যোগ্যতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা-২ আসনের সাংসদ মোহাম্মদ মিজানুর রহমান ও জেলা প্রশাসক মোস্তফা কামাল। সভাপতিত্ব করেন এসডি কেব্‌লস-এর চেয়ারম্যান মিঞা মুজিবুর রহমান।