পরিবেশবান্ধব কাগজের হেলমেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেল বা সাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার বাধ্যতামূলক। কিন্তু অনিয়মিত চালক, যাঁরা মাঝেমধ্যে শখের বশে অন্যের বাহন চালান কিংবা ভাড়া নেন, তাঁদের জন্য অনেক সময় হেলমেট জোগাড় করা কঠিন। এর অন্যতম কারণ হলো, বাহন ভাড়া পাওয়া গেলেও হেলমেট ভাড়া না-ও পাওয়া যেতে পারে।

আবার কিছু সময়ের জন্য মোটরসাইকেল বা সাইকেল চালানোর জন্য কেউ হাজার টাকা খরচ করে হেলমেট কিনতেও চাইবেন না। এই অসুবিধার কথা মাথায় রেখেই ডিজাইনার আইসিস শিফার তৈরি করেছেন কাগজের তৈরি পরিবেশবান্ধব, পুনর্ব্যবহারযোগ্য এবং সস্তা হেলমেট। এই উদ্ভাবনের জন্য তিনি আন্তর্জাতিক জেমস ডেসন পুরস্কারও জিতেছেন এ বছর।

আইসিস শিফার বলেন, বিশ্বজুড়ে সাইকেল শেয়ার প্রকল্প ব্যবহারের সময়ই পরিকল্পনাটা প্রথম মাথায় আসে তাঁর। তিনি বলেন, ‘নতুন একটা শহরে যাওয়ামাত্রই সেখানে হেলমেট জোগাড় করা সম্ভব নয়। আবার ৩০ ডলার খরচ করে হেলমেট কিনতেও রাজি ছিলাম না আমি। এ কারণেই পুনর্ব্যবহারযোগ্য এবং পাঁচ ডলারের চেয়েও কম দামি হেলমেট বানানোর পরিকল্পনা করি।’

শিফার বলেন, তাঁর তৈরি কাগজের হেলমেটের মৌচাকের মতো গঠন অবিশ্বাস্য রকম আঘাত হজম করতে পারে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজে পরীক্ষাও করা হয়েছে।

পরিবেশবান্ধব এই হেলমেট তৈরির কৌশল উদ্ভাবনের জন্যই এ বছর জেমস ডেসন পুরস্কার জিতেছেন শিফার। কোনো সমস্যার সমাধানে কিছু উদ্ভাবন বা নকশা তৈরির জন্য বিশ্ববিদ্যালয় পড়ুয়া বা সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীদের এ পুরস্কার দেওয়া হয়ে থাকে।