পরিবেশবান্ধব নির্মাণ
১২ ফেব্রুয়ারি ২০১৭, প্রথম আলোর আয়োজনে ‘পরিবেশবান্ধব নির্মাণ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে ছাপা হলো।
সহযোগিতায়:

আলোচনায় সুপারিশ
* হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের নির্মাণসামগ্রী ও সংশ্লিষ্ট উদ্ভাবন িবষয়ে ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে
* বাংলাদেশ জাতীয় িবল্ডিং কোড এবং রাজউক ও অন্যান্য সংস্থার িনর্মাণবিধি সম্পর্কে িনর্মাণপ্রতিষ্ঠানসহ সবাইকে সচেতন করতে হবে
* নির্মাণবিধি অমান্য করলে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে
* নির্মাণের জন্য যেন জলাশয় ভরাট না হয়, কৃষিজমি নষ্ট না হয় এবং পরিবেশের ক্ষতি না হয় সেটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে
* নির্মাণের সময় যেন কোনো দূষণ না হয় সেটা নিশ্চিত করতে হবে। নির্মাণ, নগর ও হাসপাতালের বর্জ্য দ্রুত সরাতে হবে
* পরিবেশবান্ধব নির্মাণে আইনের প্রয়োগ ও তদারকে কঠোর হতে হবে
আলোচনা
আব্দুল কাইয়ুম: এখন প্রায় সবাই পরিবেশ-সচেতন। জলবায়ুর পরিবর্তন নিয়ে পরিবেশবিদগণ চিন্তিত। এ অবস্থায় পরিবেশবান্ধব নির্মাণের বিষয়টিতে আরও জোর দিতে হবে। ভিয়েতনামে সম্প্রতি কিছু ভবন নির্মাণ করা হয়েছে, যেখানে ্্শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের প্রয়োজন হয় না।
কিছুদিন আগে টেক্সাসের একটি জাদুঘরে গিয়েছিলাম। এটি স্থপতি লুই আই কানের নকশায় করা। জাদুঘরটিতে প্রাকৃতিক আলো প্রবেশ করছে। কিন্তু মনে হয় বিদ্যুতের আলো। খুব বেশি গরম না পড়লে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের দরকার হয় না। আমাদের সংসদ ভবনের মতো বাইরে জলাধার আছে। স্থাপনা নির্মাণের সময় এসব চিন্তায় রাখা প্রয়োজন। এখন এ িবষয়ে উপস্থাপনা ও আলোচনা করবেন মোহাম্মদ আবু সাদেক।

মোহাম্মদ আবু সাদেক: উন্নত বাংলাদেশ গঠনে পরিবেশবান্ধব, কৃষিবান্ধব নির্মাণপ্রযুক্তি ও উপকরণের বিকল্প নেই। বিদ্যমান নির্মাণকৌশল ও প্রযুক্তি কোনোভাবেই পরিবেশবান্ধব বা কৃষিবান্ধব নয়।
বর্তমানে বছরে নির্মাণকাজে ব্যবহৃত হয় কমবেশি ২ হাজার ৫০০ কোটি পোড়ামাটির ইট। এর কঁাচামাল হিসেবে প্রায় সাড়ে ৬ কোটি টন কৃষিজমির উপরিভাগের মাটি নষ্ট হয়।
এক সমীক্ষায় দেখা গেছে, প্রতিবছর ১ শতাংশ কৃষিজমি নষ্ট হচ্ছে। এর ৯৭ ভাগ নষ্ট হচ্ছে অপরিকল্পিত গ্রামীণ গৃহায়ণ ও ইটের ভাটার কারণে।
এ ধারা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে খাদ্যনিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে ইট তৈরির কারণে জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে প্রায় ৫০ লাখ টন কয়লা ও ৩০ লাখ টন জ্বালানি কাঠ। ফলে বায়ুমণ্ডলে নির্গত হচ্ছে প্রায় ১ কোটি ৫০ লাখ টন কার্বনডাই-অক্সাইড, যা দেশের মোট নির্গত কার্বনডাই-অক্সাইডের প্রায় ৩০ ভাগ।
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের নির্মাণসামগ্রী-সংশ্লিষ্ট উদ্ভাবন ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য সরকার থেকে নির্দেশনা রয়েছে। গবেষণালব্ধ ফলাফলের সঠিক প্রয়োগ ও ব্যবহারের জন্য যথাযথ পরিকল্পনা গ্রহণ করতে হবে।
আশ্রয়ণ প্রকল্পে এবং পল্লি জনপদ প্রকল্পে ফেরোসিমেন্টের ব্যবহার শুরু করতে হবে। নদী খননের সময় যে বালু পাওয়া যায়, তা দিয়ে হলোব্লক তৈরি করা যায় কি না, সে বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। একই সঙ্গে প্রাপ্ত কাদামাটি থেকে পরিবেশবান্ধব ইট প্রস্তুতের উদ্যোগ গ্রহণ করতে হবে।
তা ছাড়া সরকারের পক্ষ থেকে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এইচবিআরআইয়ের প্রতি ইট তৈরিতে কৃষিজমির উপরিভাগের মাটির ব্যবহার শূন্যের কোঠায় নিয়ে আনার নির্দেশনা রয়েছে।
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট দেশের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান, যেখানে ভবন নির্মাণপ্রযুক্তি ও উপকরণ নিয়ে গবেষণা হয়ে থাকে।
ইতিমধ্যে প্রতিষ্ঠানটি বেশ কিছু পরিবেশবান্ধব, কৃষিবান্ধব, দুর্যোগ-সহনীয় এবং ব্যয়সাশ্রয়ী বিকল্প নির্মাণ উপকরণ উদ্ভাবন ও উন্নয়ন করেছে। এর ব্যাপক প্রচার, প্রসার ও ব্যবহারই পারে কৃষিবান্ধব ও পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে।
এইচবিআরআই উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগে নির্মিত বহুতল ভবনগুলো পরিবেশবান্ধব, কৃষিবান্ধব, শতভাগ ভূমিকম্প-সহনীয় এবং প্রচলিত নির্মাণব্যয়ের প্রায় শতকরা ৩০ ভাগ কম খরচে নির্মিত। ওই ভবনগুলোতে একটিও পোড়ামাটির ইটের ব্যবহার করা হয়নি।
পোড়ামাটির ইটের পরিবর্তে ব্যবহার করা হয়েছে পরিবেশবান্ধব হালকা ওজনের বিভিন্ন নির্মাণ উপকরণ। এক কথায় পোড়ামাটির ইটবিহীন পরিবেশবান্ধব হালকা নির্মাণপ্রযুক্তি রূপকল্প-২০২১ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অন্যতম সহায়ক ভূমিকা পালন করতে পারে।

মোবাশ্বের হোসেন: যেকোনো নির্মাণই পরিবেশবান্ধব হওয়া উচিত। আবার অনেক ক্ষেত্রে পরিবেশবান্ধব নির্মাণ করতে গিয়ে পরিবেশকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলা হয়। এ বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
একবার আগরতলার মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে ভারতে যাওয়ার পথে দেখি অসংখ্য ইটভর্তি ট্রাক ভারতে যাচ্ছে। ওদের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ থেকে ইট নেওয়ার কারণ জিজ্ঞেস করেছিলাম। মন্ত্রী বলেছিলেন, ‘আমাদের দেশে মাটির উপরিভাগ ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ।’
আর আমরা মাটির উপরিভাগ বিক্রি করে দিয়ে পরিবেশের বিপর্যয় ডেকে আনছি। বহুদিন এটা নিয়ে সতর্ক করে যাচ্ছি। যেকোনো মূল্যে দেশের বাইরে ইট বিক্রি বন্ধ করতে হবে।
পরিবেশবান্ধব নির্মাণ বহু বছর আগ থেকেই আমাদের দেশে আছে। আগে ধনীদের বাড়িতে শীতে ও গরমে আরাম করার জন্য একটি মাটির ঘর থাকত। সিঙ্গাপুর একটি গবেষণা করছে। তারা মাটির নিচ দিয়ে কয়েক ফুট দূরে কপার পাইপ নেবে। এই পাইপের মুখে ব্লোয়ার দিয়ে বাতাস দিলে ঠান্ডা বাতাস বের হবে।
আমরাও দেখেছি কয়েকবার টিউবওয়েল চাপলেই ঠান্ডা পানি বের হয়। অর্থাৎ মাটির নিচে রয়েছে ঠান্ডা, যা আমরা ব্যবহার করতে পারি। ঢাকা শহরে এখন পরিবেশবান্ধব নির্মাণও হচ্ছে। কিন্তু এগুলোর তেমন প্রচার নেই।
পরিবেশবান্ধব নির্মাণে অনেক সুবিধা পাওয়া যায়, আবার খরচও তুলনামূলক কম হয়। এগুলোর সম্পর্কে মানুষ জানে না। এসবের অনেক বেশি প্রচার প্রয়োজন। নির্মাণের সময় যেন শব্দ না হয়, ইট, বালু, সিমেন্ট কোথায় রাখা হবে এসব বিষয়ে আইন আছে। এটা মেনে চলার জন্য বাধ্য করতে হবে।
আমার বাসার পাশে একটি নির্মাণ হচ্ছে। তাদের বাধ্য করেছি আইন মেনে কাজ করতে। সবাইকে এসব বিষয়ে সচেতন হতে হবে। বিকেল পঁাচটার পরে নির্মাণকাজ করতে পারবে না, ধুলা ওড়াতে পারবে না, গাড়ির চাকার ময়লা রাস্তায় আনতে পারবে না—নির্মাণের আশপাশের মানুষদের এসব বিষয় জানতে হবে।
নির্মাণে অনিয়ম হলে কঠোরভাবে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করলে অধিকাংশ ক্ষেত্রে প্রতিকার পাওয়া যায়। আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বললেও অনেক সময় প্রতিকার পাওয়া যায় না। কারণ, তঁাদের অনেকের আইন সম্পর্কে ধারণা নেই।
পত্রিকার যদি একটি জায়গায় লেখা হয় নির্মাণকালীন কী কী আইন মেনে চলতে হয়, তাহলে মানুষ জানতে পারে। আরও বেশি সচেতন হতে পারে।
নির্মাণসামগ্রী আনার সময় ঢেকে আনার আইন রয়েছে। এ নিয়ম না মানার জন্য জরিমানা করা হয়। শুধু জরিমানায় কোনো কাজ হয় না। কঠোর সাজা দিতে হবে। এসবই সম্ভব যখন প্রশাসনসহ সব মানুষ সচেতন হবে।

আইনুল ফরহাদ: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১১টি সংস্থা ২৭টি মন্ত্রণালয়ের কাজ করে। আমাদের প্রতিটি নির্মাণে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা থাকে। সোলার প্যানেল ব্যবহারের সুবিধা থাকে। কোনো প্রকল্পের মধ্যে জলাশয় থাকলে সেটাকে সংরক্ষণ করা হয়।
আমাদের নির্মাণের সময় পরিবেশের বিষয়টি খুবই গুরুত্ব পায়। আমরা প্রেশার পাইলিং করি। এতে শব্দদূষণ খুবই কম হয়। নির্মাণকাজ শেষে চারপাশ আরও বেশি পরিবেশবান্ধব করি। দেশে অনেকগুলো পোশাক কারখানা আছে, যেগুলো পরিবেশবান্ধব হিসেবে বিশ্বে শ্রেষ্ঠ। আমরা আরও বেশি মানসম্মত িনর্মাণের জন্য কাজ করে যাচ্ছি।
জাপানি সহায়তায় মিরপুরে একটি ফায়ার স্টেশন হবে, এটা হবে সম্পূর্ণ সবুজ প্রকল্পের আওতায়। একটি নির্মাণ যতভাবে পরিবেশবান্ধব করা প্রয়োজন, এর সবই এখানে থাকবে। সবুজ প্রকল্পের আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ২৫তলা ভবন হবে। এভাবে আমরা পরিবেশবান্ধব নির্মাণের দিকে আরও বেশি করে এগোতে থাকব।
জাইকার সহযোগিতায় ইট তৈরির একটি প্রকল্প হচ্ছে। এ প্রকল্পে কোনো আগুন ব্যবহার করা হবে না। এ ক্ষেত্রে কিছু অ্যাডমিক্সার সিমেন্ট থাকবে। কঁাচামাল হবে পলিমাটি বা যেকোনো বর্জ্য।
প্রাথমিক অবস্থায় এক লাখ ইট ব্যবহার করে এটার কার্যকারিতা দেখব। কার্যকারিতা প্রমাণ হলে দেশে এর ব্যাপক ব্যবহার হবে। আমাদের মাটির উপরিভাগকে সংরক্ষণ করা সম্ভব হবে।

আফসানা হক: পরিবেশবান্ধব নির্মাণের ক্ষেত্রে স্থান একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা শহরে হোক বা গ্রামে, সঠিকভাবে স্থাপনার স্থান নির্বাচন করতে হবে।
নির্মাণের ক্ষেত্রে আমরা বেশ উৎকর্ষ অর্জন করেছি। কিন্তু এর কতটুকু প্রয়োগ হচ্ছে, সেটি দেখতে হবে। এ ক্ষেত্রে যেন জলাশয় ভরাট না করি। কৃষিজমিকে ক্ষতিগ্রস্ত না করি।
গ্রামে এখন যথেষ্ট নির্মাণ হচ্ছে। এর অধিকাংশ ক্ষেত্রে কোনো পরিকল্পনা নেই। রাস্তার ধারে যেখানে-সেখানে নির্মাণ হচ্ছে। এর জন্য একটা পরিকল্পনা থাকা প্রয়োজন।
ভবন নির্মাণ কর্তৃপক্ষ অনেক ক্ষেত্রে বড় প্রকল্পের পরিবেশের ওপর বেশি গুরুত্ব দেয়। কিন্তু আমার মতে, ছোট-বড় সব ধরনের প্রকল্পের ক্ষেত্রে পরিবেশের বিষয়টি সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।
প্রকল্প চলাকালে বায়ুদূষণ, শব্দদূষণ, নিয়মবহির্ভূতভাবে পরিবহন ইত্যাদি বিভিন্ন কারণে পরিবেশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসব যেন না হয় তার জন্য একটা গাইডলাইন নির্মাণপ্রতিষ্ঠানকে দেওয়া প্রয়োজন। তাহলে এটি সর্বোচ্চ পর্যায়ে কমিয়ে আনা যায়।
একটা উন্নয়ন প্রকল্প কীভাবে তৈরি করা উচিত, কী ধরনের ব্যাকরণ মানা প্রয়োজন—এগুলো আমাদের কারিকুলামে শেখানো হয়। আর পরিবেশের প্রভাব নিয়ে আমাদের একটি কোর্স আছে। কোনো নির্মাণের ক্ষেত্রে কীভাবে পরিবেশের বিষয়টি অন্তর্ভুক্ত করা যায়, এসব শিক্ষার্থীকে এখানে শেখানো হয়।

মো. শাহ্ আলম: ভালোভাবে বঁাচার জন্য মানুষের যেমন খাদ্যবস্ত্রের প্রয়োজন, তেমনি প্রয়োজন একটি বাসযোগ্য পরিবেশ। কিন্তু সে নিশ্চয়তা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ।
রাজধানী ঢাকা আজ পরিবেশদূষণে ভীষণভাবে আক্রান্ত। শুধু ঢাকা মহানগর নয়, পুরো দেশের পরিবেশ নিয়ে মানুষ আজ উদ্বিগ্ন।
নদী, বায়ু, পানিদূষণের পাশাপাশি ই-বর্জ্য ব্যবস্থাপনা এক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। নির্মাণশিল্প এমন একটি প্রক্রিয়া, যেখানে প্রাকৃতিক ও কৃত্রিম সম্পদ ব্যবহার করে মানবসৃষ্ট বসতি নির্মাণ করা হয়।
যেকোনো স্থাপনা নির্মাণের মূল উদ্দেশ্য পরিবেশ কোনো রকম ক্ষতিগ্রস্ত না করে নিরাপদ স্থাপনা নির্মাণ করা। বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ুর পরিবর্তন, সম্পদ নিঃশেষ হওয়া, জ্বালানির ক্রমবর্ধমান ব্যবহারের মতো বিষয়গুলোর প্রতি নজর দেওয়া জরুরি।
বিশ্বব্যাপী তাপমাত্রা ও দূষণের ভয়াবহতা বিবেচনা করে পরিবেশবান্ধব নতুন নতুন নির্মাণপদ্ধতি ও কলাকৌশল উদ্ভাবনে মনোযোগী হওয়া দরকার। জলবায়ু পরিবর্তন ও জ্বালানিসংকটের বিষয় মাথায় রেখে আমাদের প্রাকৃতিক সম্পদ ব্যবহার কমিয়ে আনতে হবে।
পরিবেশবান্ধব নির্মাণ স্বাস্থ্যসম্মত, কঁাচামাল ও শক্তিসাশ্রয়ী। নগরায়ণের ফলে প্রতিনিয়ত ঢাকা শহরে মানুষ বাড়ছে। এসব মানুষের আবাসন চাহিদা পূরণ করতে একের পর এক গড়ে উঠেছে আবাসন প্রকল্প।
রাজধানীতে খোলা জায়গা থাকছে না। জলাধারগুলো ভরাট করে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। ইতিমধ্যে হারিয়ে গেছে ঢাকা শহরের অনেকগুলো খাল।
নগর বর্জ্য সঠিক সময়ে সরিয়ে নিতে হবে এবং হাসপাতাল বর্জ্য সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে জনস্বাস্থ্যঝুঁকি কমাতে হবে। কৃষিজমি নষ্ট করে ইটভাটা স্থাপন বন্ধ করতে হবে এবং ইটের বিকল্প নির্মাণসামগ্রী ব্যবহার করা জরুরি। উন্মুক্ত স্থান, জলাশয় ভরাট করে আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ করা যাবে না।
জাতীয় ভবন নির্মাণবিধি ও রাজউক অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করা যাবে না। ঢাকা শহরের হারিয়ে যাওয়া খালগুলোকে পুনরুজ্জীবিত করলে জলাবদ্ধতা অনেকাংশে কমানো যাবে। বহুমুখী উদ্যোগের মাধ্যমে পরিবেশ ও পরিবেশবান্ধব নির্মাণ বাস্তবায়ন করতে হবে।
ক্রাউন সিমেন্ট গ্রুপ পরিবেশ আইন, পরিবেশ অধিদপ্তরের িনর্দেশনা ও পরামর্শ যথাযথভাবে মেনে চলে। কোম্পানি সিমেন্ট উৎপাদনের সময় পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোধে ডাস্ট কালেক্টর, পাকা রাস্তা ও ইয়ার্ডে পানি ছিটানো, গাছ লাগানো ও ড্রেনেজ–ব্যবস্থা সচল রাখার জন্য কার্যকর ব্যবস্থা নিয়ে থাকে। সব সময় চেষ্টা থাকে আমাদের কাজের দ্বারা যেন পরিবেশ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।

তৌফিক এম সেরাজ: ৫০-এর দশকে আজিমপুরের বিস্তৃতি ছিল দক্ষিণে ওয়েস্টার্ন থেকে উত্তরে ঢাকা কলেজ, নিউমার্কেট, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা পর্যন্ত। সে সময়ে দক্ষিণ প্রান্ত থেকে নিউমার্কেট পর্যন্ত ৭৫টি ভবন ছিল।
এসব ভবন ছিল তিনতলা। ভবনগুলোয় প্রায় এক হাজার পরিবার ছিল। দুই বা তিনটি ভবনের মাঝে একটি খেলার মাঠ ছিল। সে সময়ে আজিমপুরে তিনটি পুকুর ছিল। পরিবারগুলোর আত্মীয়স্বজনসহ সর্বোচ্চ আট হাজার মানুষ পুরো আজিমপুর এলাকায় বাস করত। এর থেকে ভালো পরিবেশ আর কী হতে পারে?
বাজার হিসেবে যদি নিউমার্কেটের কথা বলি তাহলে এর থেকে ভালো পরিবেশবান্ধব নির্মাণ ঢাকায় আর কোথাও নেই। সে সময়ের জনসংখ্যার চাহিদার ভিত্তিতে এসব নির্মাণ করা হয়েছিল।
অতএব, পরিবেশবান্ধব নির্মাণ ও পরিবেশের ভাবনা অনেক আগে থেকেই আছে। রাস্তাঘাটে কোথাও কোনো পরিবেশদূষণ হতো না।
ঢাকা শহরের ১০ শতাংশ বাড়িও ভবন নির্মাণ কোম্পানিগুলো বানায় না। কিন্তু আমাদের ভবনগুলো দেখা যায় মানসম্মত। তাই মনে হয় সবই নির্মাণ কোম্পানি করছে।
মূল ঢাকায় যেসব নির্মাণ কোম্পানি কাজ করে তাদের নির্মাণসামগ্রী, নকশা সবই ভালো। এদের কাজের মান নিয়ে কোনো প্রশ্ন আছে বলে মনে হয় না। সুনাম, ফ্ল্যাটের মূল্য বিভিন্ন কারণে প্রতিষ্ঠিত নির্মাণ কোম্পানিগুলো তাদের কাজের মানের ক্ষেত্রে ছাড় দেয় না।
আমাদের মতো কোম্পানিগুলোর নির্মাণ পরিবেশবান্ধব। কারণ আমরা নির্মাণের সব নিয়মনীতি মেনে থাকি। এ ধরনের নির্মাণপ্রতিষ্ঠানের সংখ্যা খুব কম। এটা দিয়ে সারা দেশের নির্মাণ পরিবেশবান্ধব, সেটা কোনোভাবেই বলা যাবে না।
পরিবেশবান্ধব নির্মাণের জন্য গবেষণা প্রয়োজন। প্রকৌশল বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ইত্যাদি যুক্ত করে গবেষণার কাজ করা যেতে পারে। গবেষণার জন্য আরও অনেক সুযোগ-সুবিধা বাড়ানো প্রয়োজন।
এখন আমরা মিরপুর মাজার রোডে একটি প্রকল্প করছি। চারটি টাওয়ার। ২০০টি অ্যাপার্টমেন্ট। এটা ১০০ ভাগ পরিবেশবান্ধব। দেশ পরিবেশবান্ধব নির্মাণ ও নগরায়ণের দিকে এগোচ্ছে। ভবিষ্যতে এ ক্ষেত্রে আরও উন্নয়ন হবে।

এ কে এম আবুল কালাম: যেকোনো নির্মাণের আগে একটা সামগ্রিক পরিকল্পনা প্রয়োজন। মনে করতে হবে আমি একটি আদর্শ প্রতিবেশী হব। এ চিন্তা মাথায় থাকলে নির্মাণের সময় পরিবেশ রক্ষা করা সম্ভব। এ চিন্তা শুধু বিশেষ কোনো ক্ষেত্রে না, সব ক্ষেত্রে করা প্রয়োজন।
একটি ভবনে কীভাবে আলো-বাতাস প্রবেশ করবে, কতটুকু সবুজ থাকবে, শিশুদের খেলার জায়গা কেমন হবে, কিছুটা জলাধার রাখা যায় কি না—এ দিকগুলো আগে থেকেই ভাবতে হবে।
হংকংয়ে একটি ছোট পার্ক দেখেছিলাম। সেখানে শিশু থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত সবার শারীরিক ফিটনেসের সুবিধা ও মানসিক বিনোদনের সুযোগ আছে।
আমাদের সোনারগঁা হোটেলের পশ্চিম পাশে যে পার্ক আছে, এর চারপাশের পরিবেশ নিয়ে কি চিন্তা করতে পারি? এটা তো ভবন নির্মাণের সঙ্গে সম্পৃক্ত না। এটা আমাদের প্রাতিষ্ঠানিক সমস্যা। আমরা কীভাবে এটাকে দেখি।
একটি পরিবেশবান্ধব ভবন নির্মাণ করলেই সেটা পরিবেশবান্ধব থাকবে না, যদি চারপাশের পরিবেশ ঠিক না থাকে। আর এই চারপাশের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
অনেক ইউনিয়ন পর্যায়েও বড় বড় নির্মাণ হয়। এর নির্মাণপদ্ধতি একেবারেই মেনে নেওয়া যায় না। এসব ব্যাপারে নীতিগতভাবে একটা পরিকল্পনা নিতে হবে। কিছু ভবন বড় শহরে নিয়ম মেনে করা হচ্ছে। কিন্তু নির্মাণের ক্ষেত্রে সামগ্রিকভাবে পরিবেশের ক্ষতি হচ্ছে।
নির্মাণপরিবেশ ঠিক থাকছে কি না, সেটা কে তদারক করছে? তদারক হয় বলে তো মনে হয় না। তদারকের ক্ষেত্রে জোর দিতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যম, পেশাজীবী সংগঠন, নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি সংস্থা সবাইকে এগিয়ে আসতে হবে। এ জন্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ হতে পারে।
বিভিন্ন শিল্প নিয়ে গবেষণা ও শিক্ষার ব্যবস্থা অত্যন্ত জরুরি। উন্নত দেশগুলোয় বহু আগে থেকেই এ ব্যবস্থা আছে। আমাদের দেশে এমন পরিবেশ তৈরি করা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর এগিয়ে আসা প্রয়োজন। তাদেরও দায়িত্ব আছে।

মাদানী এম ইমতিয়াজ হোসেন: আমাদের পরিবেশগত সমস্যা কী, সেটা কীভাবে মোকাবিলা করা যায়—সেটাই ভাবনার বিষয়। এক হিসাবমতে, ৫০ শতাংশ বায়ুদূষণ হয় নির্মাণের ক্ষেত্রে। খাবারের পানিতে দূষণ থাকে ৪০ শতাংশ।
আমাদের ড্রেনেজ সিস্টেমে সমস্যা রয়েছে। এ ছাড়া প্রতিনিয়ত শব্দদূষণে আক্রান্ত। এসব নিরসনে সরকারের দিক থেকে উদ্যোগ নেওয়া প্রয়োজন। নির্মাণপ্রতিষ্ঠানসহ অন্যরা সরকারকে সহযোগিতা করবে।
যেকোনো নির্মাণের ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে নির্মাণপ্রতিষ্ঠানকে কী কী কাজ করতে হবে, সেটা বাধ্যতামূলক করে দেওয়ার ব্যবস্থা নিতে হবে। বেসরকারি প্রতিষ্ঠান নিয়ম মানলেও অনেক ক্ষেত্রে সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠান তাদের ইচ্ছেমাফিক কাজ করে।
এ ক্ষেত্রেও একটা সঠিক নির্দেশনা থাকা প্রয়োজন। যেমন রাস্তা নির্মাণ, পাইপলাইন বসানো—এসব ক্ষেত্রে সাধারণ মানুষ সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়ে। কারও কিছু বলার থাকে না। বললেও কেউ এটাকে পাত্তা দেয় না। তিন মাসের একটি কাজ বছরের পর বছর চলতে থাকে। এখানে তদারকিরও কেউ আছে বলে মনে হয় না।
আজ পোশাকশিল্পের পরিবর্তন এমনি এমনি হয়নি। বড় ধরনের চাপে এটা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান যদি এর দায়িত্বের দিক থেকে পরিবেশের বিষয়টি বিবেচনা করে, তাহলে সবকিছু পরিবেশবান্ধব হবে।
যেভাবে আমাদের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাতে ভবিষ্যতে হুমকির মুখে পড়ব। এ ক্ষেত্রে সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা যদি সবাই সচেতন হই, তাহলে একটি ভালো পরিবেশে বাস করতে পারব।

খুরশীদ জাবিন হোসেন তৌফিক: পরিবেশ বলতে তিন বা পঁাচ কাঠার প্লট বা ঢাকার বাইরে গেলে পরিবেশ নেই এমন না। পরিবেশ মানে হলো আমি না, আমরা। আর আমরা মানে বিষয়টি সরকারি পর্যায়ের ব্যাপার।
আমাদের সব কটি নগর মিলে আয়তন হবে দেশের মোট আয়তনের ৫ শতাংশ। তাহলে দেশের ৯৫ শতাংশ নগরের বাইরে। মাত্র ৫ শতাংশ জায়গার পরিবেশদূষণ আমরা ইচ্ছে করলে বন্ধ করতে পারি। আজকের উপস্থাপনায় ইটভাটা থেকে যে ধোঁয়া বের হতে দেখলাম সেটাও নগরকে কেন্দ্র করে।
অধিকাংশ সমস্যাই মানুষের সৃষ্টি। তাই মানুষই এর সমাধান করতে পারবে। দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় তিন দিন ধরে একটি কাজ হয়েছে। এটি হলো ধানমন্ডি ২৭ নম্বর রোড থেকে নিউমার্কেট পর্যন্ত কীভাবে যানজটমুক্ত করা যায়। এ কাজে অনেকগুলো পরিকল্পনা নিয়ে তরুণ স্থপতি, পরিকল্পনাবিদ ও ইঞ্জিনিয়াররা কাজ করেছেন। ভালো সমাধান পাওয়া গেছে। কিন্তু পরিবেশ বিবেচনা করতে গিয়ে কাঠামোগত ধারণা থেকে সামাজিক ধারণায় আসতে হয়েছে।
সিউলে একটা পরিকল্পনায় সব ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করার পরও শেষে তারা এসব ভেঙে দিয়ে পুরোনো খাল সংরক্ষণ করে প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।
এ থেকে বুঝতে পারি খাল সংরক্ষণের গুরুত্ব কত। আমি বড় হয়েছি রায়েরবাজারে। টালি অফিসের পেছনে বন্যার পানি আসত। বাবা সেখানে সঁাতার শেখাতে নিয়ে যেতেন। এখন কল্পনাও করা যায় না। সুতরাং মাত্র কয়েক দশকে কত পরিবর্তন।
সামাজিক, রাজনৈতিক, বৈশ্বিক কত পরিবর্তন। ঢাকার বাইরের পরিকল্পনাগুলোয় ৫০ শতাংশ খেত ও নদী থাকে। ২০ শতাংশ রাখা হয় রাস্তার জন্য। আর ২০ থেকে ৩০ শতাংশ হলো বাড়িঘর। অধিকাংশ বাড়িঘর সেমিপাকা একতলা, ওপরে টিন। ময়মনসিংহ, কুমিল্লায় গেলে দেখা যাবে মাত্র পঁাচ থেকে ছয় হাজার কংক্রিটের ভবন।
এখন থেকে ঢাকায় নির্মাণের ক্ষেত্রে যদি আজিমপুরের মতনও পরিকল্পনা করতে পারি, তাহলেও ঢাকা চমৎকার শহর হবে।
মোহাম্মদপুরের পৌনে দুই কাঠার প্লট সব ছয়তলা হয়েছে। একটা ভবনের সঙ্গে আরেকটা মিশে গেছে। অথচ পরিকল্পিতভাবে এসব নির্মাণ করার সুযোগ ছিল। আমরা সেটা করিনি। করলে এখানে মাঠ থাকত। অন্যান্য সুযোগ-সুবিধসহ এটা খুবই পরিবেশবান্ধব হতো।
তাহলে দেখা যাচ্ছে পরিবেশের সঙ্গে সম্পর্কিত হলো মানুষ। পরিবেশবান্ধবের পূর্বশর্ত হলো পরিবেশ-সহনীয় জনঘনত্ব নির্ধারণ করা। যতক্ষণ পর্যন্ত এটা করতে পারব না ততক্ষণ পরিবেশবান্ধব নির্মাণ হবে না।
দুঃখজনক হলেও সত্য, ঢাকার জন্য নতুন যে কাঠামো পরিকল্পনা হচ্ছে, সেখানেও পরিবেশ-সহনীয় জনঘনত্বের বিষয়টি অনুপস্থিত।
আলোচনায় এসেছে ইচ্ছেমতো পানির পাইপ বসছে, সুয়ারেজ লাইন যাচ্ছে। এসব হতেই থাকবে। যত দিন পর্যন্ত পরিবেশ-সহনীয় ঘনত্ব নির্ধারণ করা না হবে, তত দিন পাইপ বসতেই থাকবে। বিদ্যুতের তার ঝুলতেই থাকবে। রাস্তা খোঁড়াখুঁড়ি চলতেই থাকবে। এখন আমাদের সবাই মিলে একটা পরিকল্পিত সমাধান বের করা প্রয়োজন।

জামিলুর রেজা চৌধুরী: টেকসই নির্মাণ নিয়ে আজ থেকে সাত বছর আগে মেক্সিকোতে একটা গ্লোবাল গ্রুপে কাজ করেছিলাম। কাজের উদ্দেশ্য ছিল তিন শূন্য অর্জন করা। বিশ্বে উল্লেখযোগ্য পরিমাণ দূষণ হয় নির্মাণসামগ্রী থেকে। প্রথম শূন্য হলো নির্মাণসামগ্রী উৎপাদনের সময় দূষণ শূন্যে নামিয়ে আনতে হবে। নির্মাণের পর ব্যবহার, রক্ষণাবেক্ষণ এসব ক্ষেত্রে শূন্য দূষণ।
যখন নির্মাণ ধ্বংস করে ফেলা হবে তখনো যেন শূন্য দূষণ হয়। এটাই হলো তিন শূন্য। আর তিন থেকে চার বছরের মধ্যে জার্মানি এ লক্ষ্যে পৌঁছাতে পারবে। পোড়া ইটে ব্যাপক দূষণ হয়। এর বিকল্প নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু বিকল্পে অন্য কোনো দূষণ হবে কি না, এর স্থায়িত্ব, খরচ বেশি পড়বে কি না এসব বিষয়ও ভাবতে হবে।
নির্মাণের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। আবার প্রযুক্তিও পরিবেশের ক্ষতি করে। ভূমি উন্নয়ন কোম্পানিগুলো জলাধার, নিচু জায়গা ভরাট করছে। এসব জায়গায় ঠিকমতো পাইলিং হয় না। ফলে ভূমিকম্প সহনীয় হয় না।
এসবের আলোকে ড্যাপ (ঢাকা ডিটেইলড এরিয়া প্ল্যান) তৈরি হয়েছিল। এখন এটা প্রায় অকার্যকর বলা যায়। ড্যাপের গেজেট করা হলো। মাত্র তিন দিন পর আবার বলা হলো এটা পর্যালোচনা করা হবে।
এখন অনেকে জানে না ড্যাপ আছে কি নেই। ১৫-২০ বছর আগে কাঠের দরজা ব্যবহার হতো। তারপর হার্ডবোর্ডের দরজা। এখন ব্যবহার হচ্ছে প্লাস্টিকের দরজা। কিন্তু এর ভবিষ্যৎ কী।
আমরা সবাই জানি নির্মাণের সময় কী পরিমাণ ধুলা তৈরি হয়। এ ক্ষেত্রে ঠিকমতো তদারক হয় না। আমার বাসার পাশে একবার প্রচণ্ড শব্দ করে নির্মাণ হচ্ছে। তাদের এ বিষয়ে বললাম। তারা বলল, ‘স্যার কয়েকটা দিন আমাদের সময় দিতেই হবে। আপনি যদি পুরো পরিবার নিয়ে হোটেলে যেতে চান আমরা খরচ দেব।’
এসব ক্ষেত্রে গণমাধ্যমের একটা বড় ভূমিকা রয়েছে। তাদের এগিয়ে আসতে হবে। মানুষকে সচেতন করতে হবে। একই সঙ্গে আইনের কঠোর প্রয়োগ করতে হবে। সবাই মিলে চেষ্টা করলে পরিবেশবান্ধব নির্মাণসহ পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব।
আব্দুল কাইয়ুম: নির্মাণের সময়ে অনেক ক্ষেত্রে বিধিবিধান মানা হয় না। অপরিকল্পিত নির্মাণ পরিবেশের জন্য হুমকি। নির্মাণ পরিবেশবান্ধব করার জন্য সংশ্লিষ্ট সবার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
যারা অংশ নিলেন
জামিলুর রেজা চৌধুরী
উপাচার্য, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়
মোহাম্মদ আবু সাদেক
পরিচালক, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট
খুরশীদ জাবিন হোসেন তৌফিক
পরিচালক, নগর উন্নয়ন অধিদপ্তর
আইনুল ফরহাদ
অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর
মোবাশ্বের হোসেন
সাবেক সভাপতি, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট
এ কে এম আবুল কালাম
সভাপতি, বাংলাদেশ প্ল্যানার্স ইনস্টিটিউট
তৌফিক এম সেরাজ
ব্যবস্থাপনা পরিচালক, শেলটেক ও সভাপতি, রিহ্যাব
আফসানা হক
অধ্যাপক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, বুয়েট
মাদানী এম ইমতিয়াজ হোসেন
নির্বাহী পরিচালক, জিপিএইচ ইস্পাত প্ল্যান্ট
মো. শাহ্ আলম
টেকনিক্যাল অ্যাডভাইজার, ক্রাউন সিমেন্ট
সঞ্চালক
আব্দুল কাইয়ুম : সহযোগী সম্পাদক, প্রথম আলো