ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেছেন, ‘জলবায়ু পরিবর্তন রোধে সচেতনতার দিক দিয়ে উন্নত দেশগুলোর চেয়ে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। এ ব্যাপারে জনসচেতনতা বাড়াতে সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি দেশীয় ও বহুজাতিক কোম্পানিগুলোকে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী উৎপাদনে উৎসাহিত করতে হবে। না হলে আমাদের হাইতির মতো ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে।’ গতকাল বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুর ও পরিবেশ কৌশল বিভাগ আয়োজিত ‘টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহউদ্দিনের সভাপতিত্বে সেমিনারে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ শামসুল হুদা, ফলিত বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ ইকবাল, পুর ও পরিবেশ কৌশল বিভাগের প্রধান আকতারুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।