পরিবেশবান্ধব ভাটা স্থাপনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে পরিবেশবান্ধব ইটভাটা স্থাপনের আহ্বান জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। ইটভাটা মালিকদের সঙ্গে গতকাল মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন কার্যকরবিষয়ক অবহিতকরণ সভায় এ আহ্বান জানানো হয়।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ সভা হয়।
সভায় জানানো হয়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন গত ১ জুলাই কার্যকর হয়েছে। ওই আইন অনুযায়ী, ইটভাটা মালিকদের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে আধুনিক প্রযুক্তির ইটভাটা বা অনুরূপ প্রযুক্তির ভাটা স্থাপন করতে হবে। ইট প্রস্তুতের জন্য অবশ্যই নির্ধারিত মান মাত্রার কয়লা ব্যবহার করতে হবে। কোনোভাবেই কৃষিজমি, পাহাড় বা টিলার মাটি ব্যবহার করা যাবে না। একই সঙ্গে কোথায় ইটভাটা স্থাপন করা যাবে এবং যাবে না, তা-ও স্পষ্টভাবে জানানো হয় সভায়। আইন অমান্য করে ভাটা স্থাপন করা হলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করা হলে তিন লাখ টাকা জরিমানা এবং তিন বছরের জেল অথবা উভয় দণ্ড দেওয়া হবে।
সভায় আরও জানানো হয়, ১২০ ফুট উঁচু স্থায়ী চিমনির ভাটা আধুনিকায়ন করা না হলে ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশবান্ধব ইটভাটা গড়ে তুলতে ইতিমধ্যে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় ভাটামালিকদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। এসব বৈঠক শেষে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
সভায় চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম বলেন, ইটভাটা নিয়ন্ত্রণে আইন মানছেন না ভাটামালিকেরা। তাঁরা যেখানে-সেখানে ভাটা নির্মাণ করায় পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। একই সঙ্গে ভাটায় ব্যবহৃত মাটি কাটার যন্ত্র সড়কে চলাচল করায় সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেতুর হাতল ভেঙে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার বিশ্বাস বলেন, পরিবেশ বিপর্যয় ঘটতে পারে এমন আশঙ্কা যেখানে দেখা যাবে, সেখানেই অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
ইটভাটা মালিক আসাদুজ্জামান খসরু জানান, ১২০ ফুট চিমনির ভাটা নির্মাণে ৫০ লাখ টাকা খরচ হয়েছে। এখন জিগজ্যাগে রূপান্তর করতে আরও ৪০ লাখ টাকার প্রয়োজন। অনেকের পক্ষেই এ মুহূর্তে এত টাকা ব্যয় করে আধুনিক প্রযুক্তিতে যাওয়া সম্ভব নয়। এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের পরিচালক বলেন, ইতিমধ্যে দুবার সময় বাড়ানো হয়েছে। আইন অনুযায়ী আর সুযোগ দেওয়া যাবে না।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম উপস্থিত ছিলেন। ইটভাটার মালিক ছাড়াও উপজেলা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন।