পরিবেশবান্ধব সারের কারিগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে আজকাল বহু জাতের রাসায়নিক কীটনাশক মেলে। পোকা-মাকড়ের হাত থেকে ফসলকে রক্ষায় কৃষক হরহামেশাই রাসায়নিক এই বিষ ছিটান। কৃত্রিম এই কীটনাশক মানুষের শরীরের জন্য যেমন ক্ষতিকর, তেমনি ক্ষতিকর পরিবেশের জন্যও। তাই উন্নত বিশ্বে এখন পরিবেশবান্ধব বালাইনাশকের কদর বেশি। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের এস এম জুয়েলও (৩৩) জৈব বালাইনাশকের কদর বোঝেন। আর তাই নিজের খামারে গড়ে তুলেছেন জৈব সার ও বালাইনাশকের বড় এক ভান্ডার। তাঁর খামারে তৈরি জৈব বালাইনাশক, ট্রাইকো কমপোস্ট, ভার্মি কমপোস্ট ও কুইক কমপোস্ট ব্যবহার করে এলাকার কৃষকেরা উপকৃত হচ্ছেন। মেয়ের অসুখ বদলে দেয় তাঁকে: স্নাতক (পাস) ডিগ্রি লাভের পর চাকরির আশায় বসে থাকেননি জুয়েল। ২০০০ সালের দিকে ‘আমরা প্রত্যেকে কাজ শিখি’ নামের একটি সংগঠন গড়ে তোলেন। তাঁকে সহায়তা করতে এগিয়ে আসেন এলাকার আরও কিছু শিক্ষিত বেকার যুবক। বছর পাঁচেক পর কৃষি প্রকল্পের উন্নয়নে বিভিন্ন কাজ (মাটি পরীক্ষা-নিরীক্ষা) শুরু করেন তিনি। ২০০৯ সালের শুরুর দিকের কথা। জন্মের পর পরই জুয়েলের ছোট মেয়েটি শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়। চিকিৎসকেরা জানান, শিশুর মা রাসায়নিক সার ও কীটনাশকযুক্ত খাবার বেশি খেতেন। তাই তাঁর শিশুর এই সমস্যা দেখা দিয়েছে। এ কথা শোনার পর থেকে জুয়েল রাসায়নিকমুক্ত ফসল কীভাবে পাওয়া যায় সে চেষ্টা করতে থাকেন। শুরু হয় জুয়েলের জৈব বালাইনাশক তৈরির সংগ্রাম। এ লক্ষ্যে সান্তাহার শহরসংলগ্ন দোগাছী গ্রামে একটি খামারবাড়ি গড়ে তোলেন তিনি। সহায়তা করেন যাঁরা: রাসায়নিকমুক্ত ফসল উৎপাদনে জুয়েলের সহায়তায় এগিয়ে আসেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির উপপরিচালক কৃষিবিদ আবদুর রশিদ, আনোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান, কামাল হোসেন ও ঝিনাইদহের সাদা মনের মানুষ মকবুল হোসেন। জুয়েলের খামারে তৈরি বালাইনাশক পরিবেশবান্ধব ও দামে সস্তা। বিভিন্ন বনজ উদ্ভিদ দিয়ে সহজেই এ জৈব সার ও বালাইনাশক প্রস্তুত করা যায়। তিনি জানান, বালাইনাশক তৈরিতে প্রয়োজন হয় মেহগনি ফল, নিমপাতা, বিষকাটাল, নিশিন্দা, তুলসিপাতা ও গরু-ছাগলের মূত্র। ট্রাইকো লিকুইড পাওয়ার (বালাইনাশক) তৈরিতে প্রয়োজন হয় কচুরিপানা, মুরগির বিষ্ঠা, ডিমের খোসা, পশুর রক্ত ও হাড়ের গুঁড়া। বিনিয়োগ ও উপকারিতা: জমি কেনা থেকে শুরু করে খামার তৈরিতে সাকল্যে আড়াই লাখ টাকা খরচ হয়েছে জুয়েলের। বালাইনাশক তৈরিতে বেশির ভাগ উপকরণ স্থানীয় উদ্ভিদ থেকে পাওয়ায় খরচ কম পড়ছে। ইদানীং কিছু কিছু উদ্ভিদ তিনি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আনাচ্ছেন। জুয়েল তাঁর খামারে দেশীয় কয়েক প্রজাতির কেঁচো দিয়ে তৈরি করছেন ভার্মি কমপোস্ট। তাঁর তৈরি কুইক কমপোস্ট প্রয়োগে সবজিসহ অন্যান্য ফসলে কোনো রাসায়নিক কীটনাশক ছাড়াই বেশি উৎপাদন হয়। খামারে বিভিন্ন প্রজাতির প্রায় ৩০০ ঔষধি উদ্ভিদ রোপণ করা হয়েছে। এসব উদ্ভিদ বালাইনাশক তৈরিতে লাগে।কৃষকের কথা: সান্তাহার শহরসংলগ্ন মালশন গ্রামের কৃষক হুমায়ুন কবির বলেন, গত বোরো মৌসুমে জুয়েলের খামারের তৈরি ট্রাইকো কমপোস্ট ও জৈব বালাইনাশক ব্যবহার করে তিনি উপকার পেয়েছেন। বাজারজাত ও মুনাফা: চলতি বোরো মৌসুমে জুয়েল তাঁর খামার থেকে এক হাজার লিটার জৈব বালাইনাশকসহ বিভিন্ন প্রকারের প্রায় চার মেট্রিক টন জৈব সার বিক্রি করেছেন। এতে তাঁর মুনাফা হয়েছে এক লাখ টাকারও বেশি। জুয়েল জানান, কৃষকের চাহিদানুযায়ী সার ও বালাইনাশক সরবরাহ করা সম্ভব হয়নি। বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির উপপরিচালক কৃষিবিদ আবদুর রশিদ বলেন, ‘জুয়েলের খামারে তৈরি জেব সার ও বালাইনাশক ওই এলাকার কৃষকদের মাঝে রাসায়নিক সারের ব্যবহার অনেক কমিয়ে আনবে।’ এস এম জুয়েল চান বহুমুখী কৃষি উন্নয়ন ও গবেষণার মাধ্যমে দেশের মাটি, ফসল, পরিবেশ, কীটনাশকমুক্ত সবজি চাষ ও রাসায়নিক সারমুক্ত বাংলাদেশ।