পরিবেশবিজ্ঞান বিভাগকে নতুন ভবনে উঠতে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগকে নতুন ভবনে স্থানান্তরে বাধা দেওয়া হচ্ছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভেতরে অবস্থান নিয়ে পরিবেশবিজ্ঞানের মালামাল ও শিক্ষার্থীদের ফটকে আটকে দেন।
গতকাল রোববার রাত পৌনে ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিন বিভাগের শিক্ষার্থীরা ওই ভবনের ভেতরে-বাইরে অবস্থান নিয়েছিলেন।
শিক্ষক-শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, প্রশাসনিক আদেশ অনুযায়ী, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পুরাতন কলা ভবনসংলগ্ন পরিবেশবিজ্ঞান বিভাগ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নতুন ভবনে স্থানান্তর শুরু করেন বিভাগের কর্মচারীরা। কিন্তু নতুন ভবনের দুই ফটক অবরোধ করে রাখেন এ ভবনে আগে থেকে ওঠা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী। তাঁরা প্রশাসনের সিদ্ধান্তকে ‘অন্যায়’ অভিহিত করে বিভিন্ন স্লোগান দেন। এ পরিস্থিতিতে দুপুর ১২টার দিকে পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষকেরা নতুন ভবনের সামনে আসেন। তাঁরা সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রশাসনকে অনুরোধ জানান। প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ না নিলে বেলা সাড়ে তিনটার দিকে পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও নতুন ভবনের সামনে অবস্থান নেন। দুই পক্ষের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন।
সংকট নিরসনে সন্ধ্যায় উপাচার্য তিন বিভাগের সভাপতি ও জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে আলোচনা শুরু করেন। এই আলোচনা ফলপ্রসূ হয়নি।
পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক খবির উদ্দিন বলেন, ‘সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসন নতুন ভবনের তৃতীয় তলা আমাদের বরাদ্দ দিয়েছে। কিন্তু সেখানে উঠতে আমাদের বাধা দিচ্ছে অন্য দুই বিভাগ।’
কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সিন্ডিকেট পরিবেশবিজ্ঞান বিভাগকে এখনো এই ভবনে স্থান বরাদ্দ দেয়নি। তা ছাড়া আমাদের আরও জায়গা দরকার।’
শ্রেণিকক্ষসহ অন্যান্য সংকট নিরসনে আন্দোলন করে আসছিলেন পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এ পরিপ্রেক্ষিতে গত শনিবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলসংলগ্ন নবনির্মিত ভবনের তৃতীয় তলা পরিবেশবিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেওয়ার প্রজ্ঞাপন জারি করে প্রশাসন।
জানতে চাইলে প্রক্টর তপন কুমার সাহা বলেন, ‘সকালে আমি ঘটনাস্থলে ছিলাম না। এ বিষয়ে কিছু বলতে পারব না। তবে শিগগিরই সমস্যার সমাধান হবে বলে আশা করছি।’