পরিবেশবিজ্ঞান বিভাগের কর্মসূচি অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণিকক্ষসহ অন্যান্য সংকট নিরসনের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের কর্মসূচি অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার নতুন ভবনের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলসংলগ্ন নবনির্মিত ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়েছে। বিভাগের বিভিন্ন ব্যাচের অর্ধশত শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা জানান, চলমান কর্মসূচির মধ্যে ভবনের সামনে বিভাগের একজন শিক্ষক ৪১ ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন।
গত রোববার এক প্রশাসনিক আদেশের মাধ্যমে নতুন ভবনের তৃতীয় তলা পরিবেশবিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এর ফলে নিজেদের জায়গা সংকট হবে—এমন দাবি করে নতুন ভবনে উঠতে বাধা দেয় ভবনে আগে থেকে ওঠা ভূতাত্ত্বিক বিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। এ নিয়ে তিন বিভাগের শিক্ষার্থীরা ভবনের সামনে মুখোমুখি অবস্থান নেন। এর ফলে সৃষ্ট অচলাবস্থা নিরসনে গত মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।