পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষা কার্যক্রম বন্ধ ১২ দিন ধরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলসংলগ্ন নবনির্মিত ভবনের তৃতীয় তলা বুঝে না পাওয়ায় গত ১২ দিন ধরে পরিবেশবিজ্ঞান বিভাগের সব শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এই দাবিতে দুই দিন ধরে চলছে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট।
বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, পরিবেশবিজ্ঞান বিভাগের নতুন ভবনে ওঠাকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থা নিরসনে গত ৭ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কর্মদিবসের মধ্য এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। সাত কর্মদিবস শেষ হয়েছে গত বৃহস্পতিবার। এরপর কমিটি প্রতিবেদন জমা দিতে গত শনিবার পর্যন্ত মেয়াদ বাড়িয়েছিল।
গত শনিবার থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আজ সোমবারও অবস্থান ধর্মঘট কর্মসূচি রয়েছে। এ ছাড়া আগামীকাল মঙ্গলবার একই স্থানে প্রতীকী অনশন করবেন তাঁরা।
বিভাগের শিক্ষক এ কে এম রাশিদুল আলম বলেন, বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। কমিটি সাত কর্মদিবস মেয়াদ বাড়িয়েছে। তাই দ্রুত সংকট নিরসনের দাবিতে এসব কর্মসূচি পালন করা হচ্ছে। কমিটির সদস্য গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন মো. নূরুল আলম বলেন, ‘আশা করছি, আগামী শনিবারের মধ্যেই প্রতিবেদন জমা দিতে পারব।’