জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের শ্রেণীকক্ষ, ল্যাবরেটরি, সেমিনার লাইব্রেরি ও শৌচাগার-সংকট সমাধানের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচি চলছে।এদিকে শ্রেণীকক্ষের সংকট নিরসনে আপাতত পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের একটি ও মাইক্রোবায়োলজি বিভাগের একটি শ্রেণীকক্ষে পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্লাস করার জন্য অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তা ছাড়া বিভাগে শৌচাগার নির্মাণের কাজও শুরু করেছে প্রশাসন।একই দাবিতে ৩৮তম ব্যাচের শিক্ষার্থীরা গতকাল তাঁদের তৃতীয় বর্ষের চূড়ান্ত পর্বের পরীক্ষায়ও অংশ নেননি। সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব নয় জানিয়ে ওই ব্যাচের ২৬ জন শিক্ষার্থী বিভাগীয় সভাপতি শফি মুহাম্মদ তারেকের কাছে লিখিত আবেদন করেন।উদ্ভূত পরিস্থিতিতে বিভাগের শিক্ষকেরা গতকাল জরুরি সভা করেন। বিষয়টি নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সভায় উপস্থিত একাধিক শিক্ষক।জানতে চাইলে পরিবেশবিজ্ঞান বিভাগের সভাপতি শফি মুহাম্মদ তারেক প্রথম আলোকে বলেন, বিভাগের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। শৌচাগার ও শ্রেণীকক্ষের সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।বিভাগের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে গত শনিবার থেকে ক্লাস বর্জন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।