মার্কিন তেল-গ্যাস কোম্পানি শেভরন ২০০৮ সালের ঘটনায় মৌলভীবাজারে ক্ষতিপূরণের যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে সন্তুষ্ট নন ক্ষতিগ্রস্ত পাকা বাড়ির মালিক ও পরিবেশবিদেরা। ২০০৮ সালে শেভরন কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান ও আশপাশের এলাকায় গ্যাস অনুসন্ধানে ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপ বিস্ফোরণ চালায়। প্রায় তিন হাজার স্থানে চালানো জরিপ বিস্ফোরণে মাটির দেয়াল, পাকা বাড়ি, পরিবেশ, জীববৈচিত্র্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছিল। গত বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে শেভরনের জরিপ বিস্ফোরণের কারণে কাঁচা বাড়ির মাটির দেয়ালের ফাটলের জন্য এক হাজার ২০০ টাকা ও পাকা বাড়ির দেয়ালের ফাটলের জন্য তিন হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে টাকার পরিমাণ কম হওয়ায় এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন পাকা বাড়ির মালিকেরা। পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতিপূরণ না দেওয়ায় সন্তুষ্ট নন পরিবেশবিদেরা। কমলগঞ্জ পৌরসভাসংলগ্ন বাসিন্দা ব্যবসায়ী মো. সেলিম উদ্দীন গতকাল শুক্রবার প্রথম আলোকে জানান, তাঁর পাকা একতলা বাড়ির ঠিক ৪০ গজ দূরে জরিপ বিস্ফোরণ ঘটায় শেভরন। ফলে তাঁদের পাকা ভবনের সবগুলো কক্ষে বড় ধরনের ফাটলের সৃষ্টি হয়। পুরো বাড়ি ঘুরিয়ে দেখিয়ে সেলিম বলেন, তাঁর বাড়ি মেরামত করতে অন্তত পাঁচ লাখ টাকা লাগবে। সেখানে তিনি তিন হাজার টাকা দিয়ে কী করবেন? একইভাবে দক্ষিণ বালিগাঁও বটতলা গ্রামের মনির হোসেন জানান, জরিপ বিস্ফোরণে তাঁর বাড়ির বিভিন্ন দেয়াল ফেটে দেড় থেকে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। সেখানে মাত্র তিন হাজার টাকা নিয়ে কী করবেন? তবে বড়গাছ গ্রামের ক্ষতিগ্রস্ত ছৈদ আলী বলেন, তাঁর মাটির দেয়াল নিজেই মেরামত করেছেন। এখন শেভরন যদি এক হাজার টাকা দেয়, তাতে তিনি খুশি হবেন। পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি আবু নাসের খান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জরিপ বিস্ফোরণকালে বিকট শব্দে লাউয়াছড়া জাতীয় উদ্যানের অনেক বন্যপ্রাণী বের হয়ে গেছে। পরিবেশ ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়েছে। আদিবাসী খাসিয়াপল্লির ক্ষতি হয়েছে। এসব ব্যাপারে স্পষ্ট সিদ্ধান্ত থাকা উচিত। ক্ষতিপূরণ সম্পর্কে জানতে চেয়ে গতকাল শেভরনের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলেও নাম প্রকাশ করে তাঁরা কেউ কিছু বলতে চাননি। এক কর্মকর্তা জানান, ক্ষতিপূরণের বিষয়টি উপজেলা, জেলা প্রশাসন, পেট্রোবাংলা ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দেখার বিষয়। এখানে তাঁদের করার কিছু নেই।জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘যেসব পাকা বাড়ির মালিক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরা প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে আবেদন করতে পারবেন। তখন আমরা যাচাই করে শেভরনের সঙ্গে বসে আবার ক্ষতিপূরণ ঠিক করব।’