রিও+২০ সম্মেলনে সবুজ অর্থনীতির নামে ধনী দেশগুলোর পরিবেশবিধ্বংসী প্রস্তাবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের নেতারা। টেকসই উন্নয়নবিষয়ক জাতিসংঘের এই সম্মেলন ২০ থেকে ২২ জুন ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হবে।গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘রি-ডাইরেকটিভ ডেভেলপমেন্ট অ্যান্ড রিও+২০: প্রোগ্রেস বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় বক্তারা এ আহ্বান জানান। রিও+২০ সম্মেলন সামনে রেখে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ইক্যুইটিবিডি, বারসিক, ক্যাম্পেইন ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুড (সিএসআরএল), গ্লোবাল ওয়াটার পার্টনারশিপ যৌথভাবে এই সভার আয়োজন করে।প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ও জাতীয় সংসদের জলবায়ু পরিবর্তনবিষয়ক ককাসের সহসভাপতি জুনাইদ আহমেদ বলেন, ‘বাংলাদেশ এখনো সবুজ অর্থনীতির বিষয়টি গ্রহণ করেনি। কারও আদেশ মেনে নয়, উন্নয়ন পরিকল্পনা হওয়া উচিত দেশের মানুষকে সঙ্গে নিয়ে।’সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের মতো দেশের ক্ষেত্রে ‘সবুজ অর্থনীতি’র যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘ইউরোপীয় দেশগুলো তাদের অর্থনীতিকে বাঁচাতেই সবুজ অর্থনীতির প্রেসক্রিপশন দিচ্ছে। সবুজ অর্থনীতিতে আমাদের অর্থনীতি লাগসই হতে পারে না।’ পরিবেশ রক্ষার আইন ও নীতি বাস্তবায়নের ওপর জোর দেন বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের (বিসিএএস) নির্বাহী পরিচালক আতিক রহমান। তিনি বলেন, পরিবেশসম্মত ও সামাজিক ন্যায়বোধের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা করতে হবে।উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে আলোচনা না করে উন্নত দেশগুলো সবুজ অর্থনীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবা নাসরিন বলেন, সরকারের পাশাপাশি মাঠের মানুষের কণ্ঠস্বর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পৌঁছাতে হবে।বাপার সহসভাপতি পরিবেশবিদ ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইক্যুইটিবিডির গবেষণা সমন্বয়কারী সৈয়দ আমিনুল হক।