পরিবেশবিধ্বংসীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে
সিলেটের বিভিন্ন উপজেলায় যে হারে বোমা মেশিন ও স্টোন ক্রাশার মেশিনের ব্যবহার বাড়ছে, তাতে ভবিষ্যতে এসব উপজেলা বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। আর এর প্রভাব পড়বে সিলেটজুড়ে। এ কারণে এখন থেকেই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিবেশবিধ্বংসী তৎপরতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত ‘বোমা মেশিন ও স্টোন ক্রাশার মেশিনের অপরিকল্পিত ব্যবহার ও পরিবেশ বিপর্যয়, প্রেক্ষিত সিলেট’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। গতকাল শনিবার নগরের একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে এ আলোচনা সভা হয়।
টিআইবি-সমর্থিত নাগরিক সংগঠন সচেতন নাগরিক কমিটি সিলেটের সভাপতি ইরফানুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন সুশাসনের জন্য নাগকির (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কালাম, চিকিৎসক শামীমুর রহমান ও আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলার সমন্বয়ক শাহ শাহেদা আখতার। স্বাগত বক্তব্য দেন বেলার গবেষণা কর্মকর্তা মোস্তফা কামাল।
পরিবেশের বিভীষিকাময় পরিস্থতি থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই জানিয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, ভাবনার সময় আর নেই। এখন থেকেই পরিবেশ আন্দোলন জোরদার করা না হলে সিলেট আগামী প্রজন্মের বসবাসের অনুপযোগী হয়ে উঠবে। সিলেটে যে হারে পরিবেশ ধ্বংসের মহোৎসব চলছে, তাতে এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্ম পাবে একটি বিরানভূমি। এ জন্য সমাজের সব সচেতন মানুষকে দেশের পরিবেশ রক্ষায় এখন থেকেই উদ্যোগী হতে হবে।