পরিবেশসহিষ্ণু প্রযুক্তি উদ্ভাবনে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে চলার জন্য গবেষণার মাধ্যমে লবণাক্ততা ও পরিবেশসহিষ্ণু প্রযুক্তি উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। গতকাল মঙ্গলবার খুলনা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির ভাষণে তিনি এ আহ্বান জানান।রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, জলবায়ুর নেতিবাচক প্রভাব আজ প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ‘সিডর’ বা ‘আইলা’র মতো প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস উপকূলীয় এলাকায় আঘাত হেনে জীবন, সম্পদ ও পরিবেশকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দিয়েছে। বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন আজ বিপন্ন। তিনি আরও বলেন, ‘আইলায় ক্ষতিগ্রস্ত মানুষ আজও বাস্তুহারা। আমরা হয়তো প্রকৃতিকে বশ করতে পারব না, কিন্তু পরিবেশের বিপর্যয় রোধে আমাদের কাজ করে যেতে হবে।’সমাবর্তনের বক্তা জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী তাঁর ভাষণে বলেন, সম্প্রতি তাঁর নেতৃত্বে দেশে একটি জাতীয় শিক্ষানীতি প্রণীত হয়েছে এবং সরকার তা অনুমোদন দিয়েছে। এই নীতি সর্বমহলে ব্যাপক অভিনন্দন লাভ করে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সাইফুদ্দিন শাহ্। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান, ধন্যবাদ জ্ঞাপন করেন কোষাধ্যক্ষ ফকির আবু হোসেন। সমাবর্তন অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার গাজী আবদুল্লাহেল বাকী।সমাবর্তন অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নেতৃত্বে সমাবর্তন শোভাযাত্রা বের হয়। চতুর্থ সমাবর্তনের মাধ্যমে বিভিন্ন ডিসিপ্লিনের দুই হাজার ৫২৬ জন স্নাতক, স্নাতকোত্তর ও স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জনকারীদের সনদ প্রদান করেন রাষ্ট্রপতি। এ ছাড়া রাষ্ট্রপতি শিক্ষাক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের জন্য পাঁচটি অনুষদের ২০ জন কৃতী গ্র্যাজুয়েটকে স্বর্ণপদক এবং খুলনা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম দুজন পিএইচডি ডিগ্রিধারীকেও আনুষ্ঠানিক ডিগ্রি প্রদান করেন। সমাবর্তনকে কেন্দ্র করে খুলনা বিশ্ববিদ্যলয়কে বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয় এবং গত কয়েক দিন ক্যাম্পাস ছিল উৎসবমুখর।