পরিবেশের বিষয়টি সরকার মাথায় রাখছে: মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং প্রবৃদ্ধি ধরে রাখতে লায়ন্সদের আরও বেশি ভূমিকা রাখার ওপর জোর দেন। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকারকে বড় বড় প্রকল্প নিতে হচ্ছে। তবে একই সঙ্গে সরকার পরিবেশ সুরক্ষার বিষয়টিকেও মাথায় রাখছে।
গত রোববার রাতে অ্যাওয়ার্ড লায়ন্স ইন্টারন্যাশনালের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী বলেন, সবার চেষ্টার মাধ্যমে আজ দেশের পরিবেশ বিষয়ে সাংবাদিকতা এক জায়গায় এসে পৌঁছেছে। উন্নয়নের জন্য জলাভূমি ভরাট ও পরিবেশের ক্ষতি করতে হয় উল্লেখ করে তিনি বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে দেশে নানা ধরনের আলোচনা হচ্ছে। হয়তো এই প্রকল্প হলে বিদ্যুৎ উৎপাদন বাড়বে। কিন্তু এতে সুন্দরবন টিকবে কি না, তা ভেবে দেখতে হবে।
অনুষ্ঠানে পরিবেশ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কামরুল ইসলাম চৌধুরীকে লায়ন্স ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন লায়ন্সের ঢাকা জেলা গভর্নর কল্পনা রাজীউদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি লায়ন মোসলেহ আলী খান লায়ন্সদের দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানে
ঢাকা জেলা লায়ন্সের নেতারা উপস্থিত ছিলেন।