পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রচারণা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঠোপথ ধরে এ গ্রাম থেকে ও গ্রামে ছুটে চলেছে একদল কিশোরী। তাদের বুকে নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড। বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলছে, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কথা। ছেলে-বুড়ো, কিশোর-কিশোরী—যাকে যেখানে পাচ্ছে, ডেকে বলছে গাছ লাগানোর উপকারের কথা। বাদ যাচ্ছে না অন্দরমহলের গৃহবধূরাও। কোন ফলের কী গুণ, ভেষজ গাছ কতটা উপাকারী তা বিশদভাবে বর্ণনাও করা হচ্ছে।‘গাছ লাগিয়ে ভরব দেশ, বদলে দেব বাংলাদেশ’ স্লোগান নিয়ে বৃক্ষরোপণে এলাকাবাসীকে উদ্বুদ্ধ করতে গত এক মাস জয়পুরহাটের কালাই উপজেলার গ্রামে গ্রামে এভাবেই ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছে একদল কিশোরী। তাদের প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে লোকজনের মধ্যে গাছ লাগানোর জন্য ব্যাপক সাড়াও পড়েছে। তারা একটি বেসরকারি সংস্থার কিশোরী ক্লাবের সদস্য।উপজেলার বাদাউচ্চ, পাঁচ গ্রাম, বেগুন গ্রাম ও মাদারপুর গ্রামে গিয়ে দেখা যায়, একদল কিশোরী বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে বাড়ির উঠোনে উঠোনে বৃক্ষরোপণের জন্য লোকজনকে উদ্বুদ্ধ করছে। নারীদের ফলদ ও ভেষজ বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করার পাশাপাশি, পরিবারের পুষ্টির চাহিদা পূরণে বাড়ির উঠোনে সবজি চাষের কথাও বলছে তারা।পাঁচগ্রাম কিশোরী ক্লাবের সদস্য রেণু আরা বলে, ‘আপারা কইছে, গাছ লাগালে প্রাণভরে শুধু নির্মল বাতাস নেওয়া যায় না, গাছ থেকে ফল ও অর্থ পাওয়া যায়। বেশি বেশি গাছ থাকলে গ্রামের লোকজনের অসুখ-বিসুখও কম হয়।’ ক্লাবের শিক্ষক তৌফিক আরা বলেন, ‘শীতল বাতাস নিতে গাছে গাছে গ্রামটাকে ভরে তুলতে চাই। তাই সবাইকে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করতে আমরা এমন প্রচারণায় নেমেছি।’কালাই উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিনফুজুর রহমান বলেন, ‘পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে মানুষকে উদ্বুদ্ধ করতে একদল কিশোরীর এ ধরনের প্রচারণা প্রশংসার দাবিদার। তাদের প্রচরণায় অনুপ্রাণিত হয়ে ইতিমধ্যেই বিভিন্ন গ্রামে গাছ লাগানোর সাড়া পড়ে গেছে।’