পরিবেশের সঙ্গে সামঞ্জস্য ছাড়া উন্নয়ন টেকসই হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে পরিবেশবান্ধব হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, পরিবেশের সঙ্গে সামঞ্জস্য ছাড়া কোনো উন্নয়নই টেকসই হবে না৷ সেই সঙ্গে তিনি দেশের ১৬ কোটি মানুষের খাদ্য, নিরাপত্তা ও স্বাস্থ্যকর পরিবেশের বিষয়গুলো মাথায় রেখে পরিবেশ রক্ষায় সহায়ক এমন পন্থায় সব উন্নয়ন পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন৷ খবর বাসস ও ইউএনবির৷
প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশের সমৃদ্ধির লক্ষ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বর্ধিষ্ণু জনসংখ্যার খাদ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের মধ্য ও দীর্ঘমেয়ািদ টেকসই উন্নয়ন পরিকল্পনা নিতে হবে৷’
প্রসঙ্গত, মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে গতিশীলতা আনতে এবং নিজ মতামত ও পরামর্শ প্রদানে প্রধানমন্ত্রী একে একে সব মন্ত্রণালয় পরিদর্শনের পরিকল্পনা নিয়েছেন৷ এরই ধারাবাহিকতায় গতকাল পরিবেশ ও বন মন্ত্রণালয় পরিদর্শনে যান তিনি৷
শেখ হাসিনা বলেন, শিল্প বর্জ্যে নদী, জমি ও পরিবেশ দূষিত হচ্ছে৷ রাজধানীর অধিকাংশ খাল ও পুকুর ধ্বংস করে কালভার্ট ও ভবন নির্মাণ করা হয়েছে; যা দুঃখজনক৷ তিনি বলেন, ইউক্যালিপটাস মাটির রস শুষে নেয়৷ দেশের উত্তরাঞ্চল শুষ্ক হওয়া সত্ত্বেও একসময় সেখানে এ গাছ লাগানো হয়, যা পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে৷
জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রতল উঁচু হওয়া ও বিরূপ আশঙ্কার কথা উল্লেখ করে শেখ হাসিনা আরও বলেন, এ জন্য সরকার নদীর পানি ধারণক্ষমতা বাড়াতে েড্রজিং কার্যক্রম চালু করেছে৷ এতে চাষাবাদে পানির সংকটও দূর হয়েছে৷
অনুষ্ঠানে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব শফিকুর রহমান পাটোয়ারী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷
শিল্প বর্জ্য ও খেয়া পারাপারের নৌকার ইঞ্জিনের তেল বুড়িগঙ্গা দূষণের মূল কারণ উল্লেখ করে প্রধানমন্ত্রী এ দূষণ রোধের উপায় খুঁজে বের করার জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান৷ তিনি বলেন, বুড়িগঙ্গাকে বাঁচাতে সরকার যেকোনো পদক্ষেপ নিতে পিছপা হবে না৷
পরিবেশ রক্ষা ও উন্নয়নের জন্য বন সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করে শেখ হাসিনা বলেন, সরকার িগ্রন হাউস গ্যাস কমাতে গাছ লাগানো কর্মসূিচর মধ্য দিয়ে বনায়ন সৃষ্টির উদ্যোগ নিয়েছে৷ ইতিমধ্যে প্রায় এক লাখ ৯৬ হাজার হেক্টর চরাঞ্চলে বনায়নের মাধ্যমে উপকূলীয় বন সৃজন করা হয়েছে৷
শেখ হাসিনা আরও বলেন, সামাজিক বনায়ন বাংলাদেশের বন ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন ও সাফল্য এনেছে৷ এ ছাড়া দারিদ্র্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন ও পরিবেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে৷ সামাজিক বনায়ন কার্যক্রমকে আরও জোরদার করার ওপর জোর দেন তিনি৷