পরিবেশের 'অস্কার' পেল বান্দরবানের তাজিংডং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিশ্বের মর্যাদাপূর্ণ পরিবেশবিষয়ক পুরস্কার ‘দ্য এনার্জি গ্লোব অ্যাওয়ার্ড-২০১৬’ পেয়েছে বান্দরবানের বেসরকারি সংস্থা তাজিংডংয়ের একটি প্রকল্প। গত ১০ নভেম্বর মরক্কোর মারাক্কেশে বিশ্ব জলবায়ু সম্মেলনে এই পুরস্কার দেওয়া হয়।
অস্ট্রিয়ার নাগরিক উলফগাং নয়মানের প্রতিষ্ঠিত অলাভজনক সংস্থা এনার্জি গ্লোব ফাউন্ডেশন এই পুরস্কার দিয়ে থাকে। সংস্থার ওয়েবসাইটে জানানো হয়, ছয়টি বিভাগে পুরস্কারের জন্য ১৭৮টি দেশ থেকে দুই হাজার প্রকল্প জমা পড়ে। জুরিবোর্ডের সদস্যরা এর মধ্য থেকে প্রথমে ১৭টি প্রকল্প বাছাই করেন। পরে সেখান থেকে সেরা ছয়টি প্রকল্প নির্বাচন করে জুরিবোর্ড।
তাজিংডংয়ের প্রকল্প পুরস্কার পেয়েছে ‘আর্থ’ বিভাগে। পরিবেশের ক্ষেত্রে অস্কার হিসেবে খ্যাত এই পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৯৯ সালে।
তাজিংডংয়ের নির্বাহী পরিচালক অংশৈসিং মারমা গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, সংস্থার ‘সামাজিক অংশগ্রহণে গ্রামীণ সাধারণ বন সংরক্ষণ’ প্রকল্প এই পুরস্কার পেয়েছে। তিনি বলেন, তাজিংডংয়ের প্রকল্প পুরস্কার পেলেও এটি বাংলাদেশেরই অর্জন।
বেসরকারি সংস্থা তাজিংডংয়ের প্রধান কার্যালয় বান্দরবান শহরের উজানীপাড়ার পুরোনো রাজবাড়ি এলাকায়। সংস্থার কর্মকর্তারা জানান, তাঁরা পার্বত্য চট্টগ্রামের বিলুপ্তপ্রায় গ্রামীণ বনের (ভিলেজ কমন ফরেস্ট) ঐতিহ্য পুনরুজ্জীবিত করার লক্ষ্যে কাজ করছেন। ঢাকার আরণ্যক ফাউন্ডেশনের সহযোগিতায় তাঁরা রোয়াংছড়ি উপজেলায় সামাজিক অংশগ্রহণে পাড়া-গ্রামের চারপাশের বন সংরক্ষণের কর্মসূচি হাতে নিয়েছেন। এই প্রকল্পের কারণে গ্রামের মানুষের পানির উৎসও সুরক্ষিত হচ্ছে। সেই উৎস থেকে বাড়ি বাড়ি পানি সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে প্রাকৃতিক বন সংরক্ষণ হওয়ায় বন্য প্রাণীর নিরাপদ আবাসস্থল গড়ে উঠেছে।
আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন আহমদ বলেন, আগে থেকেই পাহাড়িদের পাড়ার বন সংরক্ষণের ঐতিহ্য ছিল। এটি পরিবেশের জন্য অত্যন্ত ভালো উদ্যোগ হলেও নানা কারণে সেই ঐতিহ্য এখন বিলুপ্তির পথে। সেই ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আরণ্যক ফাউন্ডেশন ও তাজিংডং ২০০৯ সাল থেকে কাজ করছে। নয়টি পাড়ায় ১২ হাজার ৯১৯ হেক্টর জমির বন সংরক্ষণ করা হয়েছে। পাড়ার লোকজনই এ বন সংরক্ষণ করছেন।