পরিমলের জামিনের আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রী ধর্ষণের মামলায় অভিযুক্ত ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার চকরিচ্যুত শিক্ষক পরিমল জয়ধরের জামিন নামঞ্জুর করেছেন আদালত।গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সাবরিনা আলিম জামিন নামঞ্জুরের আদেশ দেন।এ ছাড়া ছাত্রী ধর্ষণের ঘটনায় এর আগে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের জন্য গতকাল আবেদন করেন পরিমল। কিন্তু তা আমলে নেওয়া হয়নি। তাঁকে কারা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।বাদীপক্ষের ব্যক্তিগত আইনজীবী ইস্কান্দার আলী মিয়া ও জিল্লুর রহমান তালুকদার এই মামলার অপর দুই আসামি ভিকারুননিসা স্কুলের সাবেক অধ্যক্ষ হোসনে আরা বেগম এবং বসুন্ধরা শাখার প্রধান লুৎফর রহমানকে গ্রেপ্তারের আবেদন জানান। তাতে বলা হয়, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় মামলার আসল আলামত নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাঁরা চক্রান্ত করে প্রকৃত সত্য আড়াল ও বিভিন্ন কাল্পনিক ঘটনা সাজিয়ে বিভিন্ন গণমাধ্যমের সামনে হাজির করছেন। ১৮ দিন পার হয়ে গেলেও এখনো এই দুই আসামিকে পুলিশ ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার করছে না।অবশ্য আদালত এ বিষয়ে কোনো আদেশ দেননি।মামলার এজাহারে বলা হয়, পরিমল গত বছরের ২ সেপ্টেম্বর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখায় বাংলা বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি স্কুলের পাশে একটি ভাড়া বাসায় কোচিং খুলে ছাত্রীদের পড়াতেন। ওই বাসায় পড়তে গিয়ে গত ২৮ মে ভিকারুননিসা নূন স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রী পাশবিক নির্যাতনের শিকার হয়। ওই ঘটনায় পরিমল তাঁর মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করে ঘটনা কাউকে না বলার হুমকি দেন। এরপর ১৭ জুন আবার ওই ছাত্রীকে পাশবিক নির্যাতন করেন পরিমল। এ ঘটনায় ৫ জুলাই ওই ছাত্রীর বাবা বাড্ডা থানায় পরিমল জয়ধর, ভিকারুননিসার অধ্যক্ষ হোসনে আরা বেগম ও বসুন্ধরা শাখার প্রধান লুৎফর রহমানকে আসামি করে মামলা করেন। এরপর ৬ জুলাই পলাতক অবস্থায় পরিমলকে পুলিশ গ্রেপ্তার করে। পরদিন তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। ১১ জুলাই তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।