পরিমলের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শনিবার সকাল ১০টা। বরিশাল সিটি করপোরেশনের ৪৫ বর্গকিলোমিটার এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেরিয়ে আসে রাস্তায়। হাতে হাত ধরে রচনা করে মানবপ্রাচীর। আধা ঘণ্টা পর্যন্ত নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকে তারা।রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বহিষ্কৃত শিক্ষক পরিমল জয়ধরের বিচারের দাবিতে এই দীর্ঘ মানবপ্রাচীর তৈরি করা হয়। চারুকলা বরিশালের উদ্যোগে নগরের প্রায় অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন ওই মানববন্ধনে।এ সময় বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘মনুষ্যত্বহীন শিক্ষকদের কাছে শিক্ষার্থীরা নিরাপদ নয়, কোথায় গিয়ে দাঁড়াব আমরা?’, ‘আসুন, পরিমল জয়ধরসহ নিপীড়ক ধর্ষণকারীদের বিরুদ্ধে ঘৃণা ও ধিক্কার জানাই’, ‘সকল ঘৃণা ও পাশবিকতার বিরুদ্ধে জাতির বিবেক জাগ্রত হোক’, ‘ভিকারুননিসার ধর্ষক শিক্ষক পরিমলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ ইত্যাদি।পুরো নগরে এই মানববন্ধন হলেও এর কেন্দ্রস্থল ছিল নগরের অশ্বিনীকুমার হল চত্বরে। সেখানে পরিমল জয়ধরসহ ছাত্রীদের লাঞ্ছিত এবং ধর্ষণকারী দেশের অন্য শিক্ষকদের বিরুদ্ধেও তীব্র ঘৃণা প্রদর্শন করা হয়। প্রতিবাদ ও ঘৃণা প্রদর্শনের ওই অনুষ্ঠানে গতকাল আকস্মিক উপস্থিত হন বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন।মেয়র উপস্থিত লোকজনের উদ্দেশে বলেন, শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ করে সামাজিক ও সুশিক্ষায় শিক্ষিত শিক্ষকদের প্রতিষ্ঠানে নিয়োগ দিতে হবে। একই সঙ্গে সামাজিকভাবে কমিটি গঠন করে কোচিং বন্ধ করে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানকেন্দ্রিক শিক্ষায় ফিরিয়ে আনতে হবে।এ সময় চারুকলা বরিশালের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন অধ্যক্ষ মো. হানিফ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বরিশাল প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সভানেত্রী রাবেয়া খাতুন, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার আলবার্ট রত্ন, ব্রজমোহন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল লতিফ, মানবাধিকার জোট বরিশালের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কাজল ঘোষ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজরুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি দাশগুপ্ত আশীষ কুমার প্রমুখ।বক্তারা বলেন, ‘শিক্ষক সমাজের মর্যাদা ক্ষুণ্ন করছে শিক্ষক নামের কিছু পিশাচ। এদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। দোষী শিক্ষকদের খুঁজে বের করে তাদের অপসারণ এবং সৎ, যোগ্য, সামাজিক ও সাংস্কৃতিক মেধাসম্পন্ন শিক্ষক নিয়োগ দিতে হবে। একই সঙ্গে ওই ঘটনাকে কেন্দ্র করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, পরিমল জয়ধরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে মানববন্ধন করে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখা। মানববন্ধন শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের সভাপতি সৌমিত চন্দ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, শাকিলা শারমিন প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে শিক্ষক পরিমলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ছাড়া এ ধরনের ঘটনা রোধে যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রয়োগেরও দাবি জানান তাঁরা।গত ২৮ মে ও ২৭ জুন নিজ কোচিং সেন্টারে দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে পরিমল জয়ধরের বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় ৭ জুলাই পুলিশ পরিমলকে গ্রেপ্তার করে। ছাত্রী ধর্ষণের কথা স্বীকার করে পরিমল ১১ জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।