পরিমলের বিরুদ্ধে আগেও অনৈতিকতার অভিযোগ ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের চাকরিচ্যুত শিক্ষক পরিমল জয়ধর এর আগে উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজে চাকরি করতেন। অনৈতিক আচরণের অভিযোগ ওঠায় তখন তাঁকে ছাত্রী শাখা (মর্নিং শিফট) থেকে সরিয়ে ছাত্র শাখায় (দিবা শাখা) বদলি করা হয়েছিল।জানতে চাইলে উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসেন ভূঞা মুঠোফোনে প্রথম আলেকে বলেন, ‘তখন পরিমল থাকতেন আমাদের প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সাবেক এক সদস্যের বাসায়। সেখানেও তিনি প্রাইভেট পড়াতেন। ওই সময় প্রাইভেট পড়তে আসা এক শিক্ষার্থীর মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক হয়। বিষয়টি জানার পর আমি তাঁকে মর্নিং শিফট থেকে সরিয়ে দিবা শাখায় বদলি করি।’তবে পরিমল জয়ধর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে চাকরি নেওয়ার সময় উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে দেওয়া যে প্রত্যয়নপত্র জমা দিয়েছিলেন, তাতে অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন লিখেছেন, ‘তার স্বভাব চরিত্র ভাল।’এ বিষয়টি নজরে আনলে মোয়াজ্জেম হোসেন বলেন, ‘যেহেতু আমার কাছে চাক্ষুষ কোনো প্রমাণ ছিল না, তাই এই কথা লিখেছি। তা ছাড়া তিনি তো তখন চলেই যাচ্ছিলেন।’প্রত্যয়নপত্রে দেখা যায়, পরিমল জয়ধর ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ওই প্রতিষ্ঠানে সিনিয়র শিক্ষক (বাংলা) পদে কর্মরত ছিলেন। প্রত্যয়নপত্রটি দেওয়া হয় ২০১০ সালের ১৪ মার্চ।পরিমল জয়ধর যে বাসায় থাকতেন, সেই বাসার মালিক ও উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সাবেক সদস্য মো. নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘পরিমল পরিবার নিয়ে থাকার কথা বলে আমার বাসা ভাড়া নিয়েছিলেন। কিন্তু তাঁর পরিবার আসেনি। তা ছাড়া ছাত্রসংখ্যা (প্রাইভেটে) বেশি হওয়ায় আমাদের অসুবিধা হচ্ছিল। তাই আমি তাঁকে অন্যত্র চলে যেতে বলি।’ সেখানে থাকা অবস্থায় পরিমলের বিরুদ্ধে যে সম্পর্কের অভিযোগ উঠেছিল, সে বিষয়ে নাসির উদ্দিন কিছু বলেননি।ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পরিমল জয়ধর বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। তিনি অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ছাত্রীটিও আদালতে তার বক্তব্য দিয়েছে।ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ৫ জুলাই বাড্ডা থানায় পরিমল জয়ধরসহ ভিকারুননিসা কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম ও প্রতিষ্ঠানটির বসুন্ধরা শাখার ভারপ্রাপ্ত প্রধান লুৎফুর রহমানকে আসামি করে মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়।পরিমলের বিচারের দাবিতে কর্মসূচি অব্যাহত: পরিমল জয়ধর ও তাঁর মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সম্মিলিত নারী সমাজ। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সম্মিলিত নারী সমাজের সমন্বয়ক লাভলী ইয়াসমীন, স্বাস্থ্য আন্দোলনের পক্ষ থেকে রোকেয়া বেগম, শ্রমবিকাশ কেন্দ্রের শাহীনুর বেগম, তাহেরা বেগম, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সামছুন্নাহার জ্যোৎস্না, শবনম হাফিজ ও নারীনেত্রী ফরিদা আখতার।একই দাবিতে জাতীয় অভিভাবক পরিষদ ধানমন্ডির রবীন্দ্রসরোবরে মানববন্ধন করেছে। সালেহা খাতুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাবেক সাংসদ শাহিনা খান, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শামা ওবায়েদ, জাতীয় নাগরিক সংসদের সভাপতি খালেদা ইয়াসমিন প্রমুখ।এদিকে গতকাল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস ও পরীক্ষা হয়েছে।