পরিমলের বিরুদ্ধে চারজনের সাক্ষ্য
ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার ছাত্রীকে যৌন নির্যাতনের মামলায় শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে আরও চারজন সাক্ষ্য দিয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আরিফুর রহমান সাক্ষ্য-জেরা গ্রহণ করেন। গতকাল আদালতে সাক্ষ্য দেন স্কুলের তিন শিক্ষক আসিয়া কামাল, গোলাম সারওয়ার ও মাহাবুবুল হক এবং চিকিৎসক জুবায়দুর রহমান। সাক্ষ্য শেষে পরিমলের আইনজীবী সাক্ষীদের জেরা করেন। গতকাল পর্যন্ত ১৬ জন সাক্ষ্য দিলেন।
২০১১ সালের ২৮ মে ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার পাশে একতলা ভবনের একটি কক্ষে ওই স্কুলের দশম শ্রেণীর একজন ছাত্রীকে নির্যাতন করা হয়। এ ঘটনায় ৫ জুলাই ওই ছাত্রীর বাবা বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় পরিমল জয়ধর, অধ্যক্ষ হোসনে আরা ও বসুন্ধরা শাখার প্রধান লুৎফুর রহমানকে আসামি করা হয়। ৭ জুলাই পুলিশ পরিমলকে গ্রেপ্তার করে।