পরিমলের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ওই ছাত্রী
ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার বরখাস্ত হওয়া শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে ধর্ষণের মামলায় গতকাল বৃহস্পতিবার সাক্ষ্য দিয়েছে ওই নির্যাতনের শিকার হওয়া ছাত্রী। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আরিফুর রহমান রুদ্ধদ্বার এজলাসে (ক্যামেরা ট্রায়াল) ওই ছাত্রীর সাক্ষ্য গ্রহণ করেন।আদালত দুপুর সোয়া ১২টা থেকে বেলা সোয়া দুইটা পর্যন্ত সাক্ষ্য গ্রহণ করেন। এ সময় এজলাসে কেবল সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি ফোরকান মিয়াজান, আসামি পরিমল জয়ধর ও বিচারসংশ্লিষ্ট আইনজীবীরা উপস্থিত ছিলেন। আদালত এজলাস থেকে ট্রাইব্যুনালের কর্মকর্তা-কর্মচারীদের বের করে দেন। ফোরকান বলেন, ওই ছাত্রী জবানবন্দিতে ঘটনা তুলে ধরে ন্যায়বিচার দাবি করেন। পরে পরিমলের আইনজীবীরা তাঁকে জেরা করেন।মামলায় অভিযোগ করা হয়, ওই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে ২০১১ সালের ২৮ মে ধর্ষণ করেন পরিমল।