পরিমাণে কম দেওয়ায় ৯ পেট্রলপাম্পকে জরিমানা
মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে অবস্থিত নয়টি পেট্রলপাম্পকে গতকাল শনিবার ২ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরিমাণে জ্বালানি কম দেওয়ায় এসব পেট্রলপাম্পকে এ অর্থদণ্ড দেওয়া হয়।
বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযানের নেতৃত্ব দেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী হাকিম আবদুল্লাহ মামুন। এ সময় তাঁর সঙ্গে পুলিশ সদস্যরা ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়ার ধলেশ্বরী সেতু থেকে লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তা পর্যন্ত নয়টি পেট্রলপাম্পে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে মহাসড়কের নিমতলা এলাকায় মোহাম্মদিয়া ফিলিং স্টেশনকে লিটারপ্রতি ১০০ গ্রাম জ্বালানি কম দেওয়ায় স্টেশনের ব্যবস্থাপক মানিক উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করলে মানিক উদ্দিনকে ছেড়ে দেওয়া হয়। একই অপরাধে মেঘনা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা ও তালুকদার ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তালুকদার ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মাহফুজুর রহমানকে জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এ ছাড়া শিকদার ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা, এম এম ফিলিং স্টেশনকে এক হাজার টাকা, ইসলাম ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা, হরপাড়া ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা, হাওলাদার ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা ও নিমতলা ফিলিং স্টেশনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী হাকিম আবদুল্লাহ মামুন বলেন, এসব পেট্রলপাম্প লিটারপ্রতি ১০০ গ্রামের মতো তেল কম দিত। জরিমানার ২ লাখ ৩১ হাজার টাকার পুরোটাই পেট্রলপাম্পগুলোর কাছ থেকে আদায় করা হয়েছে। এদের সতর্ক করে দেওয়া হয়েছে। আবারও একই ধরনের অপরাধ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।