পরিযায়ী পাখির কলকাকলিতে মুগ্ধ কুমিল্লাবাসী
পরিযায়ী পাখিদের ওড়াউড়ি আর কলকাকলি পথচারী ও দর্শনার্থীদের দারুণভাবে মুগ্ধ করছে। প্রতিদিন নানা রঙের পরিযায়ী পাখি দেখতে কুমিল্লার ধর্মসাগর ও রেইসকোর্স জলাশয় এলাকায় ভিড় জমায় দর্শনার্থীরা। গত বছর পরিযায়ী পাখির দেখা মেলেনি। এক বছর পর পরিযায়ী পাখি ফিরে আসায় নগরবাসী বেশ রোমাঞ্চিত।গতকাল বৃহস্পতিবার সকাল ও বিকেলে দুই দফায় নগরের ধর্মসাগর পাড় ও রেইসকোর্স জলাশয় এলাকায় গিয়ে দেখা গেছে, পরিযায়ী পাখি ওড়াউড়ি ও জলকেলি করছে। কেউ খাবার সংগ্রহে ব্যস্ত। আবার কেউ দল বেঁধে ধর্মসাগর ও জলাশয়ের মাঝখানে অবস্থান করছে। পাখিদের এমন বিচরণ দেখে আন্দোলিত নগরবাসী। নগরের বাদুরতলা এলাকার ধর্মসাগর পাড়ের বেশ কয়েকজন বাসিন্দা বলেন, এবার ডিসেম্বর মাসের মাঝামাঝি অতিথি পাখি এসেছে। সাগরের মাঝখানে ওরা দুষ্টুমি আর খুনসুটিতে মেতে ওঠে। কখনো নিজেরাই ওড়াউড়ি করে। অতিথি পাখি প্রাতর্ভ্রমণকারীদের বাড়তি আনন্দ দিচ্ছে। তবে সাগরের ইঞ্জিনচালিত নৌকার শব্দ পাখিদের অস্থির করে তোলে। তাই কয়েক মাস নৌকা চলাচল বন্ধ রাখলে পাখিরা নিরাপদে থাকতে পারবে।ধর্মসাগর পাড়ে কথা হয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একদল শিক্ষার্থীর সঙ্গে। তাঁরা বলেন, শীতপ্রধান দেশ সুদূর সাইবেরিয়া থেকে আসা এসব পাখির যত্ন নিলে কিংবা নিরাপত্তা দিলে প্রতিবছরই তারা এখানে আসবে। নগরবাসীর উচিত কোনো ধরনের ঢিল না ছুড়ে ঝাঁকে ঝাঁকে পাখিদের মনোলোভা দৃশ্য উপভোগ করা।