পরিযায়ী পাখির কলতান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজানের কদলপুর ইউনিয়নের দক্ষিণ কদলপুর এলাকার লস্কর উজির দিঘি। রোদে চিক চিক করছে দিঘির পানি। মাঝামাঝি ভাসছে এক ঝাঁক পরিযায়ী চখাচখি। শান্ত পানিতে ঢেউ তুলছিল সেগুলো। মাঝেমধ্যে দিঘির এই প্রান্ত থেকে ঝাঁক বেঁধে উড়ে যাচ্ছিল অন্য প্রান্তে। গত বুধবার দেখা মেলে এই দৃশ্য।
১৫ দিন আগে বিপুলসংখ্যক চখাচখি এই দিঘিতে এসে আশ্রয় নেয়। সকাল ও বিকেলের দিকে পাখি বেশি দেখা যায়। স্থানীয় লোকজন জানান, প্রতিবার শীতের সময় ওই দিঘিসহ আশপাশের জলাশয়ে আশ্রয় নেয় পরিযায়ী পাখি।
বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, প্রায় তিন একর আয়তনের এই দিঘির বিভিন্ন অংশে বিচরণ ছিল চখাচখির। খাবার অন্বেষণে ব্যস্ত ছিল পাখিগুলো। একপর্যায়ে খাবারে ভাগ বসাতে দিঘিতে আসে একটি সাদা বক। বকটি আসার সঙ্গে সঙ্গেই ঝাঁক বেঁধে কিচিরমিচির শব্দে উড়ে দিঘির অন্য অংশে চলে যায় চখাচখি। স্থানীয় লোকজন মুগ্ধ দৃষ্টিতে দেখছিল পাখিদের এই খেলা।
স্থানীয় বাসিন্দা মো. শফি বলেন, ‘প্রতিবছরই আমাদের এই দিঘিতে শীতকালে পাখিগুলো আসে। কেউ উৎপাত না করলে অনেক দিন থাকে। শীত চলে যাওয়ার সময় পাখিগুলোও বিদায় নেয়।’
শুধু ওই দিঘি নয়, রাউজানের নোয়াপাড়ার কর্তা দিঘিতেও দেখা মিলল প্রায় ২০০ চখাচখির। এখানেও দুই সপ্তাহ আগে চখাচখি আশ্রয় নেয় বলে স্থানীয় লোকজন জানান।
চখাচখি দেখতে হাঁসের মতো। ডানার নিচের অংশ কালো। বুক হলদে বর্ণের। উপরিভাগ লালচে ও সাদা-কালো ছোপ ছোপ। ঠোঁট ধূসর বর্ণের। চোখ লালচে।
কয়েক দশক ধরে চখাচখির সংখ্যা কমে গেলেও তা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছায়নি। এ কারণে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার (আইইউসিএন) এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদযুক্ত বলে ঘোষণা করেছে। শীতে বাংলাদেশে আসে চখাচখি। বাংলাদেশের বন্য প্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেয়াজুল হক জানান, চখাচখিসহ সব পরিযায়ী পাখি শিকার নিষিদ্ধ।