পরিযায়ী পাখির কলরবে মুখর লুলার বিল, হাওর

আকাশে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখির ওড়াউড়ি। নিচে লুলার বিল। তাতে দল মেলে হাসে সাদা শাপলা। পানিতে টুপটাপ ডুব দিচ্ছে আরও কত শত পাখি। অদূরে দোবাগী ও জলকরকান্দি হাওরেও রয়েছে অসংখ্য পাখি। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় গতকাল মঙ্গলবার এ দৃশ্য দেখা গেছে।
উপজেলার নৈখাই গ্রামের পঞ্চাশোর্ধ্ব দিনমজুর ইজাজ আলী প্রথম আলোকে বলেন, গত নভেম্বরের শুরু থেকে এসব পাখি লুলার বিল এবং দোবাগী ও জলকরকান্দির হাওরে আসতে থাকে। আশপাশের অন্তত ছয়টি গ্রামের বাসিন্দারা এখন এসব পাখির কিচিরমিচির শুনতে শুনতে ঘুমাতে যায় আবার সকালে জেগে ওঠে। খুব ভালো লাগে। পাখি দেখতে প্রায় প্রতিদিনই শহর থেকে দলে দলে লোকজন আসে।
গতকাল সকাল সাড়ে ছয়টা থেকে আটটা পর্যন্ত বিল ও হাওর দুটির কাছে গিয়ে দেখা গেছে, লুলার বিল, দোবাগী ও জলকরকান্দি হাওরের অন্তত তিন হাজার হেক্টর জায়গাজুড়ে এসব পাখি বিচরণ করছে। অন্তত ১৭ প্রজাতির পাখি দেখা গেছে। এর মধ্যে সরালি আর বালিহাঁসের সংখ্যাই বেশি। পরিযায়ী এসব পাখির বাইরে বহু বক উড়তে দেখা গেছে।
জলকরকান্দি এলাকার রুবেল আহমদ (২৫) নামের এক যুবক বলেন, সাত বছর ধরে শীতের মৌসুমে এখানে পরিযায়ী পাখি আসছে। শুরুতে শহর থেকে শিকারিরা এসে বন্দুক দিয়ে পাখি শিকার করতেন। তবে দুই বছর ধরে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় শিকারিরা সুবিধা করতে পারছেন না। সম্ভবত এ কারণেই পাখির সংখ্যা বাড়ছে। অন্য বছরের তুলনায় এবার অনেক বেশি পাখি এসেছে।
পাখি দেখতে বন্ধুদের নিয়ে গতকাল লুলার বিল এলাকায় আসেন সিলেট নগরের করেরপাড়া এলাকার বাসিন্দা লিটন রায়। তিনি বলেন, ‘শহরের অনেকেই এখন পাখি দেখতে এখানে আসছেন। পরিচিত ব্যক্তিদের কাছে খবর পেয়ে আমরাও লুলার বিলে এসেছি। এত এত পাখি দেখে আমরা তো রীতিমতো উচ্ছ্বসিত। আমি কখনো এত পাখি একসঙ্গে দেখিনি। মন ভরে গেছে। কী আনন্দ যে লাগছে! ভাষায় প্রকাশ করা যাবে না।’
সিলেটের পরিবেশবাদী সংগঠন ‘ভূমিসন্তান বাংলাদেশ’-এর সমন্বয়ক আশরাফুল কবীর বলেন, সিলেট অঞ্চলটি এমনিতেই হাওর, বাঁওড়, বিল, জলাশয়-অধ্যুষিত। গাছপালাও রয়েছে প্রচুর। তাই প্রতিবছর শীতের মৌসুমে—যখন সাইবেরিয়াসহ অন্যান্য দেশে বরফ পড়তে শুরু করে তখন—ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি এখানে আসে। পাখিগুলো এ অঞ্চলকে নিরাপদ মনে করে। এ ছাড়া বিল-ঝিলে প্রচুর খাবার পায়। গরম পড়তে শুরু করলেই এরা আবার ফিরে যায়। পাখি প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। পরিযায়ী পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। সবার লক্ষ রাখতে হবে, যেন কোনো অবস্থাতেই একটা পাখিও কেউ শিকার করতে না পারেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতাউর রহমান বলেন, পাখিশিকারিদের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। তাঁদের ধরে পুলিশে দিতে হবে।