পরিযায়ী পাখির কিচিরমিচিরে মুখরিত কাট্টলী বিল
পাহাড়ে জেঁকে বসেছে শীত। শীত যতই বাড়ছে, ততই পাহাড়ের বিলগুলোতে পরিযায়ী পাখির সংখ্যা বাড়ছে। রাঙামাটির লংগদু উপজেলায় কাট্টলী বিল এখন মুখরিত পরিযায়ী পাখির কিচিরমিচিরে।
১৭ হাজার একর আয়তনের কাট্টলী বিল এবং চাইল্যাতলি ও ভাসান্যা আদামের আশপাশের এলাকায় ভিড় করেছে হাজারো পরিযায়ী পাখি।
কাট্টলী বিলের জেলে এবং চাইল্যাতলি ও ভাসান্যা আদামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ডিসেম্বরের শুরু থেকে কাট্টলী বিলে পরিযায়ী পাখি আসতে শুরু করে। যতই শীত বাড়ছে, ততই পাখির সংখ্যা বাড়ছে।
বিলে আসা পরিযায়ী পাখির মধ্যে আছে ছোট সরালি, বড় সরালি, টিকিহাঁস, বালিহাঁস, পানকৌড়ি, গাঙচিল, গাঙ কবুতর ও চ্যাগা।
সরেজমিনে দেখা যায়, নানা প্রজাতির হাজারো পাখি বিলে ঝাঁকে ঝাঁকে ওড়াউড়ি করছে। পানিতে ভেসে বেড়াচ্ছে হাজারো টিকিহাঁস।
স্থানীয় জেলে মো. তাজুল ইসলাম বলেন, কয়েক বছর আগেও কিছু লোক দল বেঁধে বিলে পাখি শিকার করত। কিন্তু এলাকার মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি হয়েছে। এখন কেউ পরিযায়ী পাখি শিকার করে না। এ কারণে প্রতিবছর নতুন নতুন প্রজাতির পরিযায়ী পাখি আসছে।
বাঘাইছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি মো. আবুল ফজল বলেন, ‘মানুষ দিন দিন সচেতন হচ্ছে। এখন পাখি শিকার অনেকটা কমে গেছে। সে জন্য এখন অনেক পরিযায়ী পাখি আসছে এবং প্রতিবছর পাখির সংখ্যাও বাড়ছে। পাখি শিকার নিরুৎসাহিত করতে আমরা প্রতি শীত মৌসুমে নানা কাজ করি।’
পাখি বিশেষজ্ঞ রোনাল্ড হালদার বলেন, সারা দেশের হাওর, বিল ও পুকুরে পরিযায়ী পাখি আসছে। নভেম্বর মাসের শেষের দিকে আসা শুরু করে। তিনি বলেন, পরিযায়ী পাখিরা যেখানে নিরাপদ মনে করে, সেখানে বেশি দিন অবস্থান করে।