পরিশোধন না করেই নদীতে বর্জ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা এলাকায় অবস্থিত ‘মজুমদার প্রডাক্টস লিমিটেড’ নামের একটি শিল্পকারখানার তরল বর্জ্যে পরিশোধন না করেই ফুলজোড়-বাঙ্গালী নদীতে ফেলা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ নদীপারের বাসিন্দারা ও পরিবেশবাদী সংগঠনগুলো নদীতে বর্জ্য ফেলার প্রতিবাদ করে আসছেন৷
কারখানা-সংলগ্ন এলাকায় গিয়ে দেখা গেছে, নদীর পানি কালো রং ধারণ করেছে৷ পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে৷ স্থানীয় বাসিন্দারা জানান, রাতে দুর্গন্ধ আরও তীব্র হয়৷
নদীতে বর্জ্য ফেলার প্রতিবাদে গত ২৩ মে সকালে উপজেলার চমরপাথালিয়া বাজার এলাকায় নদীর পারে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা৷ স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘মুক্ত জীবন’ এ কর্মসূচির আয়োজন করে৷ এতে স্থানীয় কয়েক শ লোক অংশ নেন৷
মুক্ত জীবনের সভাপতি আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ওই কারখানার বিষাক্ত বর্জ্য প্রায় দেড় বছর ধরে চমরপাথালিয়া বাজারের পাশে ফুলজোড়-বাঙ্গালী নদীতে ফেলা হচ্ছে৷ এ বিষাক্ত বর্জ্যে নদীর ভাটির দিকে প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে পরিবেশ দূষিত হচ্ছে৷ জীববৈচিত্র্য ধ্বংস হওয়ার পাশাপাশি বিভিন্ন গ্রামের মানুষ এ নদীর পানি ব্যবহার করে নানা রোগে আক্রান্ত হচ্ছে৷ নদীর পানি সেচকাজে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে৷ শুষ্ক মৌসুমে দুর্গন্ধের কারণে নদীর পাড় দিয়ে হাঁটাচলাও করা যায় না৷ বিষাক্ত বর্জ্য নদীতে না ফেলার জন্য ওই শিল্পকারখানার মালিককে অনুরোধ জানিয়েও কোনো লাভ হয়নি৷
আবদুর রাজ্জাক অভিযোগ করেন, বেশির ভাগ সময় ওই কারখানাটির বর্জ্য পরিশোধন না করেই নদীতে ফেলা হচ্ছে৷ তবে ওই শিল্পকারখানার মালিক চিত্ত মজুমদার দাবি করেছেন, কারখানার বর্জ্য পরিশোধন করেই তা নদীতে ফেলা হচ্ছে৷
উপজেলার চরমপাথালিয়া গ্রামের পল্লিচিকিৎসক হাফিজুর রহমান বলেন, ওই নদীর পানি ব্যবহারকারী স্থানীয় বাসিন্দাদের মধ্যে চর্মরোগ দেখা দিচ্ছে৷ এ রোগে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে৷ স্থানীয় সবজিচাষি কৃষক মো. ছকিমুদ্দিন বলেন, সেচকাজে ওই নদীর পানি ব্যবহার করায় ফসলের গাছ মারা যাচ্ছে৷ মৎস্যজীবী নিতাই হালদার বলেন, মাছ মারা যাওয়ায় বর্তমানে তাঁরা নদীতে কোনো মাছ পাচ্ছেন না৷ তাঁদের দিনমজুরি করে এখন জীবিকা নির্বাহ করতে হচ্ছে৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান বলেন, ওই কারাখানাটির বর্জ্যের কারণে নদীপারের মানুষ-জনের সমস্যা হওয়ার বিষয়টি নিয়ে উপজেলার সাধারণ কমিটির সভায় আলোচনা হয়েছে৷ বিষয়টি নিয়ে পরিবেশ অধিদপ্তরকে জানানো হয়েছে৷
পরিবেশ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মেজবাবুল আলম বলেন, অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে এবং তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন না করে পরীক্ষামূলকভাবে উৎপাদনে যাওয়ায় ছয়-সাত মাস আগে কারখানার মালিককে জরিমানা করা হয়েছিল৷ কারখানাটির বর্জ্য পরিশোধন করে যদি তা নদীতে ফেলা হয়, তাহলে সমস্যা হওয়ার কথা নয়৷ এ ব্যাপারে তাঁরা নিয়মিত মনিটরিং করবেন৷
২০১২ সালের ২৫ ডিসেম্বর ওই শিল্পকারখানাটি উৎপাদনে আসে৷