পরিশ্রমের পর পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতদরিদ্র পরিবারের সন্তান তারা। এ কারণে পড়াশোনা চালিয়ে যেতে তাঁতের, ইটভাটা ও সেলাইয়ের কাজ করতে হয়েছে। আরেকজন সংসারের অভাবের কথা কাউকে বলত না। এ জন্য উপবৃত্তির টাকাও পায়নি। এরা কঠোর শারীরিক পরিশ্রমের পরও নিরলসভাবে পড়াশোনা করে গেছে। এর সুফল পেয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায়। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে পাস করেছে। সামনে এগোনোর স্বপ্ন দেখছে। যদিও পড়াশোনা কী করে চালিয়ে যাবে, সেই আশঙ্কা তাড়া করছে এদের।

তুহিন মিয়া
তুহিন মিয়া

ইটভাটায় কাজ করত তুহিন
ইটভাটায় কাজ করলেও কাউকে এ কথা বলত না তুহিন মিয়া। বাড়ি ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের সতীষা এলাকায়। তার বাবা সোবান মিয়া পৌর শহরের একটি রেস্তোরাঁয় শ্রমিকের কাজ করেন। বাবা-মা, তিন ভাই আর এক বোনের সংসারে তুহিন দ্বিতীয়। অভাব-অনটনের কারণে ভাইবোনদের পড়াশোনা হয়নি। তবে কঠোর পরিশ্রমের পরও নিয়মিত বিদ্যালয়ের পড়া তৈরি করেছে। সে এবার গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেছে। জেএসসিতেও সে জিপিএ-৫ পেয়েছিল।

সোবান মিয়া বলেন, ‘আমার রোজগার দিয়া সংসার চালানো কঠিন। তার ওপরে ছেলের পড়াশোনার খরচ জোগাড় করা সম্ভব হবে কি না, জানি না।’

তুহিন বলে, ‘আমি যেকোনো উপায়ে পড়াশোনা চালিয়ে যেতে চাই। স্বপ্ন দেখি একদিন চিকিৎসক হব।’

সুমনা আক্তার
সুমনা আক্তার

সেলাই করত সুমনা
‘আমাগো খাওন-পরনের কষ্ট। তারপরও পড়ালেখা চালাইছি। সেলাইকাজ কইর‌্যা পড়ার খরচ জোগাড় করছি।’ বলছিল সুমনা আক্তার। সে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চর চাপলী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। জেএসসিতেও জিপিএ-৫ পেয়েছিল। বাড়ি পশ্চিম চাপলী গ্রামে। বাবা শাহ আলম মাঝি দিনমজুর ও মা আসমা বেগম গৃহিণী। বাবা-মাসহ চারজনের সংসারে অভাব-অনটন নিত্য সঙ্গী। আসমা বেগম বলেন, ‘দুইডা মাইয়ার পড়া আর সংসারের খরচ দিনমজুর বাবা মেটাইতে পারে না। এমন অবস্থা দেখার পর সুমনা সেলাইয়ের কাজ শুরু করে। এই রহম কইর‌্যা মাইয়াডা পড়াল্যাহা করছে।’

শাহ আলম মাঝি বলেন, ‘অনেক কষ্টের পরও পড়াশোনার হাল সে ছাড়ে নাই। সামনের পড়ার খরচ ক্যামনে যে মিটামু অ্যাহন হেই চিন্তায় পড়ছি।’

শফিকুল ইসলাম
শফিকুল ইসলাম

তাঁতশ্রমিকের কাজ করত শফিকুল
নিজের পড়াশোনা ও সংসারের খরচ জোগাড় করতে টিউশনি করত। তাঁতশ্রমিকের কাজও করত শফিকুল ইসলাম। বাবা মো. কামাল হোসেন দিনমজুর। মা কুসুম খাতুন তাঁতের সুতার কাজ করেন। বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরের যমুনা নদীর তীরের চর গুদিবাড়ী গ্রামে। যমুনার ভাঙনের শিকার পরিবারটির ভিটেমাটি নেই। মামার দেওয়া একখণ্ড জমিতে ঘর তুলে বাবা-মা ও চার বোনকে নিয়ে গাদাগাদি করে থাকে। এর মধ্যেই পড়াশোনা চালিয়ে এসেছে শফিকুল। সে এবার উপজেলার কৈজুরী স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। জেএসসিতেও জিপিএ-৫ পেয়েছিল।

শফিকুল বলে, ‘এখন দুশ্চিন্তায় আছি, ভালো কলেজে ভর্তি হলে দূরে যেতে হবে। সেই অর্থের জোগান কেমনে হবে, জানি না। তবু স্বপ্ন দেখি একদিন প্রকৌশলী হব।’

কামাল হোসেন বলেন, শফিকুল নিজের চেষ্টাতেই পড়াশোনা করেছে। এরপর কীভাবে চলবে, এই ভেবে তিনি কিনারা পান না।

কারিমা আকতার
কারিমা আকতার

অভাবের কথা বলতে পারেনি কারিমা
মোছামাৎ কারিমা আকতারের বাবা দিনমজুরি করেন। মা গৃহস্থালির কাজের পাশাপাশি হাঁস-মুরগি পালন করেন। বসতভিটা ছাড়া কোনো জমিজমা নেই। এতে দাদা-দাদিসহ সাত সদস্যের সংসার কষ্টেসৃষ্টে চলে। কিন্তু কারিমা তাদের সংসারের এই অভাবের কথা কাউকে বলতে চায়নি। এমনকি বিদ্যালয়ের শিক্ষকদেরও বলেনি। এ কারণে উপবৃত্তির টাকাও সে পায়নি। সে শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা করেছে আর ভালো ফলাফল করেছে। কারিমা এবার বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া বালিকা উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। সে জেএসসিতেও জিপিএ-৫ পেয়েছিল। শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে সে। কারিমার বাড়ি কাহালু উপজেলার চাকদহ গ্রামে।

কারিমার মা রাবেয়া খাতুন বলেন, ‘ওর বাপের যে কামাই, তা দিয়ে কলেজে ভর্তি, বই কেনা আর পড়াশোনার খরচ চালানো সম্ভব হবে না। মেয়ের এই ফলাফলে আমরা খুশি। কিন্তু ওর পড়াশোনা চলবে কী করে, সেই দুশ্চিন্তাও তাড়া করছে।’

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন ময়মনসিংহ অফিস, সিরাজগঞ্জ, কলাপাড়া (পটুয়াখালী) ও দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি]