নিজ দল বিএনপির এক পক্ষের প্রতিহতের হুমকিতে মাগুরার শালিখা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোজাফফর হোসেন ভয়ে পরিষদে যেতে পারছেন না। ফলে দায়িত্ব বুঝে নিতে দুই দফা উপজেলা সমন্বয় কমিটির সভা হলেও তিনি ওই সভায় উপস্থিত হননি। এতে নবনির্বাচিত এই চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
এলাকার অনেকে ও বিএনপি সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় গত ২৭ ফেব্রুয়ারি শালিখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি মোজাফফর হোসেন জয়ী হন। তবে এ নির্বাচনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী আনিসুর রহমান বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। গত ২৩ মার্চ আনিসুর শালিখার আড়পাড়ার বাড়ি থেকে মাগুরা শহরে যাচ্ছিলেন। এ সময় শহরের ভায়না মোড় এলাকায় আনিসুরের ওপর হামলা চালান মোজাফফরের আত্মীয় রিপন হোসেন। এ সময় আনিসুরকে গালাগালও করেন রিপন। এ ঘটনায় আনিসুরের সমর্থকেরা ওই দিন বিকেলে উপজেলা পরিষদসংলগ্ন আড়পাড়ায় বিক্ষোভ মিছিল করেন। এ ছাড়া তাঁরা মোজাফফরকে আড়পাড়ায় অবাঞ্ছিত ও প্রতিহতের ঘোষণা দেন। পরদিন আনিসুরের সমর্থকেরা আড়পাড়ায় সশস্ত্র মহড়া দেন।
এদিকে ২ এপ্রিল খুলনা বিভাগীয় কমিশনারের কাছে নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথ নেন মোজাফফর। শপথের পর ১০ এপ্রিল তিনি আড়পাড়ায় ঢুকতে চাইলে আনিসুরের সমর্থকেরা তাঁকে ধাওয়া দিলে তিনি ফিরে যান। এ কারণে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব বুঝে নিতে গত বুধবার ও রোববার উপজেলা সমন্বয় কমিটির সভা ডাকা হলেও তিনি সেই সভায় উপস্থিত হননি। এতে নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে মোজাফফরের দায়িত্ব বুঝে নেওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
যোগাযোগ করা হলে মোজাফফর প্রথম আলোকে বলেন, ‘আনিসুরের ওপর হামলার ঘটনায় আমি বা আমার পরিবারের কেউ জড়িত নয়। এর পরও ওই ঘটনার জন্য আমি দুঃখিত। আমি প্রতিমন্ত্রী, জেলা প্রশাসকসহ সবার সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসার চেষ্টা করছি। আনিসুরদের বাধার মুখে পরিষদে যেতে পারছি না। যে কারণে দায়িত্ব বুঝে নিতে দেরি হচ্ছে।’
এ প্রসঙ্গে আনিসুর বলেন, ‘অকারণে আমার ওপর হামলা হয়েছে। মোজাফফরের নির্দেশ ছাড়া তাঁর আত্মীয় আমার ওপর কেন হামলা চালাবে? ঘটনার পর তিনি (মোজাফফর) মন্ত্রীসহ সব মহলে বিষয়টি মীমাংসার জন্য দেনদরবার করছেন। ২৪ এপ্রিল প্রতিমন্ত্রীর উপস্থিতিতে সমঝোতা বৈঠক হওয়ার কথা রয়েছে।’
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন্নাহার বেগম জানান, শপথ গ্রহণের এক মাসের মধ্যে দায়িত্ব বুঝে নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সময় চলে যায়নি। আগামী ২ মে পর্যন্ত সময় আছে। স্থানীয় কিছু সমস্যার কারণে ওই চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নিতে বিলম্ব হচ্ছে। একটা সমঝোতার চেষ্টা চলছে। ২৫ এপ্রিল তিনি দায়িত্ব বুঝে নেবেন। ওই দিন সমন্বয় কমিটির সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন।