পরিষদের সুযোগ-সুবিধা পাবেন না দায়িত্বে থাকা প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে প্রার্থী হলে উপজেলা পরিষদের সুযোগসুবিধা ব্যবহার করতে পারবেন না পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানরা। এই বিধান রেখে উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি সংশোধন করেছে নির্বাচন কমিশন।
সংশোধিত এই আচরণবিধি গত বুধবার গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে ভোট গ্রহণের দিন পর্যন্ত এই বিধান কার্যকর হবে।
সংশোধিত আচরণবিধিতে বলা হয়েছে, প্রার্থী হলে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানরা নির্বাচনী প্রচারণা ও নির্বাচনী কাজে উপজেলা পরিষদের কার্যালয় ও যানবাহন ব্যবহার করতে পারবেন না। এ ছাড়া চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানরা উপজেলা পরিষদ বা সংশ্লিষ্ট কোনো ইউনিয়ন বা পৌরসভার কোনো কাজ বা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। তাঁরা উপজেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-আধা সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান বা সংস্থার কাজে অংশ নিতে পারবেন না।
বিদ্যমান উপজেলা পরিষদ আইনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানরা দায়িত্বে থেকে নির্বাচনে অংশ নিলে, তাঁরা পরিষদের সুযোগসুবিধা কতটা ব্যবহার করতে পারবেন, সে সম্পর্কে কিছু বলা নেই। এ কারণে আচরণবিধিতে এই সংশোধন করা হয়েছে।
অবশ্য এর আগে ২০০৮ সালে অধ্যাদেশ আকারে প্রণীত উপজেলা পরিষদ আইনের অধীনে করা আচরণবিধিতে এসব বিধান ছিল। কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতায় এসে উপজেলা পরিষদ অধ্যাদেশ, ২০০৮ বাতিল করে ১৯৯৮ সালের উপজেলা আইন পুনঃপ্রবর্তন করে।
সংশোধিত আচরণবিধিতে আরও বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত মাইক ব্যবহার করা যাবে। আগের আইনে রাত নয়টা পর্যন্ত মাইক ব্যবহারের সুযোগ ছিল। এ ছাড়া নির্বাচনে ব্যবহার করা ভোটার স্লিপের আয়তন দৈর্ঘ্যে আট সেন্টিমিটার ও প্রস্থে ১২ সেন্টিমিটারের বেশি হতে পারবে না। ভোটকেন্দ্রের ২০০ গজের মধ্যে ভোটার স্লিপ বিতরণ করা যাবে না।