‘তথ্য পাওয়া আমার আইনি অধিকার, সেবা পাওয়া আমার নাগরিক অধিকার, দুর্নীতিমুক্ত দেশ আমার সাংবিধানিক অধিকার’ স্লোগান সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আগামী সোমবার সরকারি আটটি প্রতিষ্ঠানের পরিষেবা নিয়ে গণশুনানি হবে। এতে সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা পরিষদ ও দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উপজেলা শাখা সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে সোমবার সকাল ১০টায় গণশুনানি শুরু হবে। উপজেলার ভূমি, হিসাবরক্ষণ, সাব-রেজিস্ট্রি, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, পল্লী বিদ্যুৎ সমিতি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সমাজসেবা ও উপজেলা সমবায় কার্যালয়ের পরিষেবা নিয়ে জনগণের সরাসরি প্রশ্নের উত্তর দেবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুদকের কমিশনার নাছির উদ্দিন আহম্মেদ। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক (ডিসি) এ এম পারভেজ রহিম।
গণশুনানি আয়োজনে সহযোগিতা করছে দুপ্রকের উপজেলা শাখা।