পরিষ্কার বুড়িগঙ্গায় গণসাঁতার

ভরা বর্ষায় বুড়িগঙ্গার ভিন্ন চিত্র। পানি বেড়ে যাওয়ায় দূষণ ততটা নেই। বুড়িগঙ্গায় এখন সাঁতার কাটা যায়। গতকাল শনিবার বুড়িগঙ্গার পরিষ্কার পানিতে গণসাঁতারের আয়োজনও করেছিল একটি বেসরকারি সংগঠন। গণসাঁতার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা বলেছেন, দূষণ ও দখলমুক্ত রাখার আন্তরিক উদ্যোগ নিলে বুড়িগঙ্গায় সারা বছর সাঁতার কাটা যাবে।
বেসরকারি সংগঠন বুড়িগঙ্গা রিভারকিপার রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় বুড়িগঙ্গাপাড়ে এই অনুষ্ঠানের আয়োজন করে। ‘ওয়াটারকিপার সুইমেবল ওয়াটার উইকেন্ড ২০১৪’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বুড়িগঙ্গাকে দূষণমুক্ত ও সারা বছর সাঁতার উপযোগী রাখার দাবি জানান। বেলা ১১টার দিকে পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা বছিলা সেতু থেকে শিকদার মেডিকেল আবাসিক এলাকা পর্যন্ত বুড়িগঙ্গা-তীরবর্তী এলাকা ঘুরে দেখেন। এরপর গণসাঁতারে স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
অনুষ্ঠানে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘বুড়িগঙ্গায় এখন যেমন সাঁতার কাটা যাচ্ছে, আমরা বুড়িগঙ্গাকে সারা বছর এমন অবস্থায় দেখতে চাই।’ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, ‘আমাদের নিজেদের প্রয়োজনেই বুড়িগঙ্গাকে বাঁচাতে হবে।’ তিনি বলেন, শিক্ষিত ও ক্ষমতাশালী মানুষেরাই নদী দখল ও দূষণের জন্য দায়ী।
আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এ দেশে নদী রক্ষার জন্য পর্যাপ্ত আইন ও প্রতিষ্ঠান আছে। নদী রক্ষায় আদালতের নির্দেশনাও আছে। বাস্তবায়নের অভাবে নদী দখল ও দূষণ হচ্ছে।
বাপার যুগ্ম সম্পাদক শাহজাহান মৃধা বলেন, ওয়াসা, সিটি করপোরেশনের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বুড়িগঙ্গাকে দূষিত করছে। হাজারীবাগের ট্যানারি আর শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্যের কারণেও বুড়িগঙ্গা দূষিত হচ্ছে। ব্যক্তিস্বার্থের কারণে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না।
অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু, অভিনেতা হাসান মাসুদ ছাড়াও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। বছিলা ইউনাইটেড ক্লাব, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), ডব্লিউবিবি ট্রাস্ট, সবুজ পাতা, গ্রিন ভয়েস, আঁচল ট্রাস্ট, মাস্তুল ফাউন্ডেশন, পরিবর্তন চাই, এনডিএফ, ফ্রেন্ডস অব রিভার্স, গ্রিন ম্যাগাজিন সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।