বিশ্বব্যাংক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের সড়ক দুর্ঘটনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রদান করছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, পরিসংখ্যান তুলে ধরে জনগণকে বিভ্রান্ত করাই বিশ্বব্যাংকের কাজ।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের (এআরআই) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
‘প্রমোটিং রোড সেফটি ফর চিলড্রেন’ শীর্ষক কর্মশালায় রাস্তায় চলাচল সম্পর্কে শিশুদের সচেতন করে তোলাসহ বিভিন্ন বিষয় নিয়ে কয়েকটি সেশন হবে। আজ শুক্রবার কর্মশালার শেষ দিনে রাস্তা চলাচলে শিশুদের নিরাপত্তার বিষয়টি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার জন্য নির্ধারিত প্যানেলে আলোচনা হবে।
আন্দোলনরত চালক ও মালিকদের উদ্দেশে নৌপরিবহনমন্ত্রী বলেন, প্রধান সড়কে ধীর গতির যানবাহন চলাচলের কারণেই দুর্ঘটনা হয়। দেশের মানুষের জানমাল রক্ষার প্রশ্নে কোনো আপস নেই। তাই আন্দোলন করে কোনো লাভ নেই। সরকার সিদ্ধান্তে অনড় থাকবে। তিনি বলেন, মোট আড়াই লাখ কিলোমিটার সড়ক রয়েছে। এর মাত্র তিন হাজার ৫৭০ কিলোমিটার জাতীয় মহাসড়কে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুয়েটের উপাচার্য অধ্যাপক খালেদা ইকরামের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, সড়ক পরিবহন ও সেতুসচিব এম এ এন সিদ্দিক, এআরআইয়ের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মাহবুব আলম তালুকদার, ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আরমানা সাবিহা হক প্রমুখ উপস্থিত ছিলেন।