পরিসংখ্যান নিয়ে নানা বিভ্রান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হচ্ছে। কিন্তু ছয় মাসের কম বয়সী শিশুদের কত শতাংশ শুধু মায়ের দুধ খায়, তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। পৃথক দুটি জরিপে এ ব্যাপারে দুই ধরনের তথ্য দেওয়া হয়েছে।
সরকারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বেসরকারি প্রতিষ্ঠান হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও ব্র্যাকের ‘বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি পরিস্থিতি ২০১২’ প্রতিবেদনে বলা হয়েছে, ছয় মাস বয়সী শিশুদের ৪৫ শতাংশ শুধু মায়ের দুধ খায়। ২০১১ সালে এই হার ছিল ৫১ শতাংশ। অর্থাৎ ছয় মাসের কম বয়সী শিশুদের শুধু মায়ের দুধ খাওয়ার হার কমছে।
তবে গতকাল মঙ্গলবার বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম লিখিত বক্তব্যে বলেন, ‘আমাদের দেশে ছয় মাসের কম বয়সী শিশুদের শুধু মায়ের দুধ খাওয়ানোর হার ৬৪ শতাংশ।’
৪৫ আর ৬৪ শতাংশের পার্থক্য অনেক। সাংবাদিকেরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চান, কোন পরিসংখ্যান ঠিক।
স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারপারসন এস কে রায়। তিনি বলেন, ২০১১ সালের বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপে ৬৪ শতাংশের উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে নতুন পরিসংখ্যান ব্যবহারের জন্য ২০১৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের পরিচালক (শিশু ও কিশোর-কিশোরী স্বাস্থ্য কেন্দ্র) শামস-এল-আরেফিন প্রথম আলোকে বলেন, ‘দুটি জরিপে নানা কারণে (সময়, নমুনার আকার, পদ্ধতি, প্রশ্নপত্র) পরিসংখ্যানের সামান্য কিছু পার্থক্য থাকতে পারে। কিন্তু এখানে পার্থক্য অনেক বেশি। এই পার্থক্যের কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না।’
গতকাল সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম বলেন, জাতীয় পুষ্টিসেবার মাধ্যমে মায়ের দুধ পানের প্রচার, প্রসার ও প্রশিক্ষণের কাজ চলছে। তিনি বলেন, এ ব্যাপারে গণমাধ্যম ভূমিকা পালন করতে পারে।