১৯৫০ থেকে ২০১৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বয়স এখন ৬৪ বছর। দীর্ঘ এই সময়ে হাজারো শিক্ষার্থী লেখাপড়া শেষ করে ছড়িয়ে পড়েছেন কর্মজীবনের নানা ক্ষেত্রে। বিশ্ববিদ্যালয়জীবনে স্বপ্ন দেখার শুরু যে চত্বরে, সেখানেই পুরোনো শিক্ষার্থীদের একত্র করতে গতকাল শুক্রবার আয়োজন করা হয়েছিল পুনর্মিলনীর।
পরিসংখ্যান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুসডা) আয়োজনে এটি ছিল তৃতীয় পুনর্মিলনী। বিভাগের প্রতিষ্ঠাতা কাজী মোতাহার হোসেন ভবনের সামনে জড়ো হয়েছিলেন শত শত সাবেক ও বর্তমান শিক্ষার্থী। পুরোনোদের অনেকেই আসেন পরিবার-পরিজন নিয়ে। বিভাগের চত্বরটিকে সাজানো হয় মনোরম সজ্জায়।
সকালে বেলুন উড়িয়ে দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন। পরে আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, এখন যোগাযোগের অনেক নতুন পদ্ধতি রয়েছে। তবে কাছে না এলে একটা অসম্পূর্ণতা থেকে যায়। এই পুনর্মিলনী সবার মিলিত হওয়ার সুযোগ সৃষ্টি করেছে।
ডুসডার ট্রাস্টি বোর্ডের সভাপতি কাজী সালেহ আহমেদের সভাপতিত্বে আলোচনায় পরিসংখ্যান বিভাগের প্রধান অধ্যাপক খালেদা বানু বলেন, অ্যালামনাইয়ের মাধ্যমে নতুন শিক্ষার্থী আধুনিক পরিসংখ্যানের নানা বিষয় সম্পর্কে জানবে। পুরোনোরা তাঁদের অভিজ্ঞতা দিয়ে পুষ্ট করবেন নতুন পরিসংখ্যানবিদদের।
ডুসডার নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক আতহারুল ইসলাম বলেন, নতুন সময়ে পরিসংখ্যান নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হচ্ছে। এর সবকিছু বিভাগের পক্ষে মেটানো সম্ভব নয়। এ ক্ষেত্রে অ্যালামনাই সহযোগী হিসেবে এসেছে।
অধ্যাপক লুৎফর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন বিভাগের সাবেক শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অধ্যাপক কালীপদ সেনের লেখা সর্বকালের ধর্মীয় চিরন্তন সভ্যতার এবং বিশ্বমানবতার মহামুক্তির সন্ধানে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয় দিনের আয়োজন।