পরিসংখ্যান ব্যুরোকে বিপর্যস্ত করেছে বিএনপি: অর্থমন্ত্রী
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিপর্যস্ত করার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০০১-০৬ সময়কালে বিএনপির শাসনকে দায়ী করেছেন। তিনি, বলেন, ‘বিএনপি সরকার ইচ্ছাকৃতভাবে পরিসংখ্যান ব্যুরোকে ধ্বংস করেছে।’গতকাল ঢাকায় অর্থ মন্ত্রণালয়ে লাফার্জ-সুরমা সিমেন্ট লিমিটেডের এক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এ কথা বলেন। খবর ইউএনবির।মুহিত আরও বলেন, বিএনপি সরকার ২০০৬ সালে জ্বালানি খাতে ১৪ শতাংশ প্রবৃদ্ধি দেখিয়েছে। অথচ তত দিনে জ্বালানি খাত পুরোপুরি ব্যর্থ হয়েছে। তিনি বলেন, পাট ও বস্ত্র মন্ত্রণালয় বিভিন্ন কারণ দেখিয়ে ২৭টি কারখানা চালু করার লক্ষ্য নির্ধারণ করেছে। মুহিত আরও বলেন, ‘পাটশিল্প এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে সরে গেছে আর বাংলাদেশ জুট মিলস করপোরেশনের সমস্যার কারণেই এ শিল্প চলে গেছে ব্যক্তি খাতে।’বিজেএমসিকে একটি ব্যর্থ ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করে অর্থমন্ত্রী আরও বলেন, লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো চালাতে হলে ভিন্নভাবে আলাদা আর্থিক পরিকল্পনা নিয়ে চালাতে হবে। ২০০৯-১০ অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি সম্পর্কে প্রশ্ন করা হলে মুহিত বলেন, এটি ছয় শতাংশই হবে। পরিসংখ্যান ব্যুরো পাঁচ দশমিক ৫৪ শতাংশ প্রাক্কলন করলেও মাসখানেকের মধ্যেই হালনাগাদ উপাত্ত নিয়ে চূড়ান্ত হিসাব দেওয়া হবে। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া প্রণয়নের কাজ একটি বেসরকারি প্রতিষ্ঠানকে করতে দেওয়া হয়েছে কেন জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, গবেষণা ও সমীক্ষার কাজ সব সময়ই সরকারের বাইরের প্রতিষ্ঠানকে করতে দেওয়া হয় এবং এটা নতুন কোনো বিষয় নয়। লাফার্জ প্রতিনিধিদলের সাক্ষাৎ সম্পর্কে অর্থমন্ত্রী জানান, ভারতীয় উচ্চ আদালতের নির্দেশের কারণে মেঘালয়ের খনি থেকে চুনাপাথর উত্তোলনের লাফার্জের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে বাংলাদেশ এ বিষয়ে ভারতের সঙ্গে কূটনীতিক পর্যায়ে যোগাযোগ রাখছে। তিনি নিজেও এ বিষয়ে ভারতের অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে মুহিত জানান।