পরিসর বাড়ছে অমর একুশে গ্রন্থমেলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশক ও গ্রন্থানুরাগীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে এবার অমর একুশে গ্রন্থমেলা আয়োজিত হতে যাচ্ছে বড় পরিসরে। বাংলা একাডেমির চত্বর ছাড়িয়ে মেলা সম্প্রসারিত হচ্ছে একাডেমি-সংলগ্ন সোহ্রাওয়ার্দী উদ্যানে। গতকাল সোমবার সংস্কৃতি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিকেলে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মেলার সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নেতা এবং সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রথম আলোকে জানান, অমর একুশে গ্রন্থমেলা বাঙালির প্রাণের মেলা। মেলায় প্রতিবছরই নতুন নতুন প্রকাশক আসছেন। মেলায় গ্রন্থানুরাগীদের সংখ্যাও বাড়ছে। বাংলা একাডেমি চত্বরে স্থান সংকুলান হচ্ছিল না। বহুদিন থেকেই মেলা সম্প্রসারণের দাবি করছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বাস্তব প্রয়োজনেই এবার মেলা সম্প্রসারণের জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, কাল (আজ মঙ্গলবার) একাডেমির মহাপরিচালক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে তিনি স্থান নির্ধারণের জন্য সোহ্রাওয়ার্দী উদ্যানে যাবেন।
একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান প্রথম আলোকে জানান, একাডেমি চত্বরে পর্যাপ্ত জায়গা হচ্ছিল না। নতুন স্থাপনা নির্মাণের জন্য এবার জায়গা আরও কমেছে। খুব বেশি হলে এবার চত্বরে ১২০ জন প্রকাশককে স্থান দেওয়া যেত। অথচ গত বছর প্রকাশকদের স্টল ছিল ৩২০টি। এবার আরও অনেক নতুন প্রকাশ এসেছেন। সে কারণেই মেলার পরিসর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোহ্রাওয়ার্দী উদ্যানে মেলার সম্প্রসারিত অংশে অন্তত চার শ প্রকাশনা প্রতিষ্ঠানকে স্থান দেওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।
মহাপরিচালক জানান, মেলার মূল মঞ্চ একাডেমি চত্বরেই থাকবে। এখানে উদ্বোধনী অনুষ্ঠানসহ নিয়মিত আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বরাবরের মতোই। এ ছাড়া একাডেমি প্রাঙ্গণে বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি, শিশু একাডেমী, শিল্পকলা একাডেমী, নজরুল ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় জাদুঘরসহ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর স্টল থাকবে। কেবল বেসরকারি প্রকাশকদের স্টল থাকবে সোহ্রাওয়ার্দী উদ্যানে। টিনের প্রাচীর দিয়ে ঘিরে মেলার কাঠামো তৈরি করা হবে। মেলার এ অংশে পর্যাপ্ত আলো ও নিরাপত্তার ব্যবস্থা করা হবে। স্টলগুলোর আয়তন বড় রাখার চেষ্টা করা হবে, যাতে প্রকাশকেরা ভালোভাবে তাঁদের বইগুলো সাজাতে পারেন, পাঠকেরাও স্বস্তিতে বই কিনতে পারেন।
অমর একুশে গ্রন্থমেলার পরিসর বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রকাশকেরা। জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গণি প্রথম আলোকে বলেন, প্রকাশক ও পাঠকদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। একুশে গ্রন্থমেলাকে কেন্দ্র করেই দেশের প্রকাশনাশিল্প গড়ে উঠেছে। কিন্তু স্থানস্বল্পতার কারণে অনেক প্রকাশক মেলায় অংশ নিতে পারছিলেন না। মেলার পরিসর সম্প্রসারণের এ পদক্ষেপ প্রকাশনা শিল্পের বিকাশে সহায়ক হবে। তিনি বলেন, ‘এ সিদ্ধান্তে আমরা খুবই আনন্দিত।’