নারায়ণগঞ্জ শহরে বঙ্গবন্ধু সড়কের ডিআইটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত আলী আহামঞ্চদ চুনকা পৌর পাঠাগার মিলনায়তন বৃহৎ আকারে করার জন্য সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর কাছে আবেদন করেছে নারায়ণগঞ্জের ৪০টি সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন। সমপ্রতি সংগঠনগুলোর প্রতিনিধিদের স্বাক্ষরিত আবেদনপত্রে বলা হয়, নারায়ণগঞ্জ শহরের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য এখন একমাত্র নির্ভরশীল হতে হচ্ছে আলী আহামঞ্চদ চুনকা পৌর পাঠাগার ও মিলনায়তনের ওপর। ইতিমধ্যে এই মিলনায়তনের আধুনিকায়নের কাজ শুরু হয়েছে। কিন্তু আগের যে স্থানে ভবন ভেঙে আধুনিক ভবন করা হচ্ছে, সেখানে নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশামতো মিলনায়তন করা সম্ভব হবে না। আবেদনে উল্লেখ করা হয়, আলী আহামঞ্চদ চুনকা পৌর পাঠাগার ও মিলনায়তনের উত্তর পাশের যে জায়গাটি চিত্তবিনোদন সমিতিকে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে, সেটি সঙ্গে নিলে পাঠাগার ও মিলনায়তনের আকার আরও বৃদ্ধি পাবে। এই জায়গাসহ মিলনায়তন ও পাঠাগার নির্মাণ করলে ৮০০ আসনবিশিষ্ট আধুনিক মিলনায়তন করা সম্ভব হবে। কোনো বিশেষ ব্যক্তিবর্গের বাণিজ্য প্রসার বা চিত্তবিনোদিত করা সিটি করপোরেশনের জনগণ প্রত্যাশা করে না। বর্তমান বাস্তবতায় শহরের ভূমির যে সীমাবদ্ধতা সেখানে এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা একান্তই জরুরি। আবেদনে অচিরেই আলী আহামঞ্চদ চুনকা পৌর পাঠাগারের উত্তর ও পশ্চিমে অবস্থিত সব জায়গা নিয়ে বৃহৎ পরিসরে আলী আহামঞ্চদ চুনকা পৌর পাঠাগার ও মিলনায়তন গড়ার দাবি জানানো হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ চিত্তবিনোদন সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯৭০ সালের ১৫ মে তৎকালীন পৌর চেয়ারম্যান আমিনুল হক বার্ষিক এক রুপির বিনিময়ে এই জায়গাটি ইজারা দিয়েছিলেন। কিন্তু চিত্তবিনোদন সমিতি ইজারার শর্ত ভঙ্গ করেছে। এক হাজার ৫০০ বর্গফুট ভূমি ব্যবহারের আবেদন করলেও তারা বর্তমানে এক হাজার ৮৫০ বর্গফুট ভূমি ব্যবহার করছে। সমিতির অফিস করার কথা বলে পাঁচ তলা বাণিজ্যিক ভবন নির্মাণ করা হয়েছে। ইজারা নেওয়া জমিতে বাণিজ্যিক ভবন নির্মাণ করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই।