পরিস্থিতি অস্থিতিশীল করতে জামায়াতকে বাধা: ফারুক
বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেছেন, সরকার জামায়াত-শিবিরের সমাবেশে বাধা দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পাঁয়তারা করছে।গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে জয়নুল আবদিন ফারুক এই অভিযোগ করেন। জয়নুল আবদিন ফারুক বলেন, ‘গণভবনে প্রধানমন্ত্রী নিজ দলের তৃণমূল নেতাদের সভায় বলে থাকেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে গণতন্ত্র সুসংহত থাকবে। তাই যদি হয়ে থাকে, আপনি (প্রধানমন্ত্রী) বলুন, একটি নিবন্ধিত রাজনৈতিক দল জামায়াত-শিবিরকে কেন সভা-সমাবেশ করতে দেওয়া হয় না। এর মাধ্যমে সরকার দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে।’ তিনি দাবি করেন, যদি জামায়াত-শিবিরকে স্বাভাবিক সভা-সমাবেশ করতে দেওয়া হতো, তাহলে আইনমন্ত্রীর গাড়িবহরে এভাবে হামলা হতো না।বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘সরকারকে বলব, যত নিপীড়ন-নির্যাতন চালান, আমাদের রাজনৈতিক জোট ভাঙতে পারবেন না। প্রধানমন্ত্রীকে বলছি, যদি মনে করেন, জামায়াত-শিবিরকে রাজনীতি করতে দেবেন না। সাহস থাকলে তাদের নিবন্ধন বাতিল করে দেন। তা না করে অন্যায়ভাবে একটি রাজনৈতিক দলকে সভা-সমাবেশ করতে দেবেন না, তা হতে পারে না।’বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে রিপাবলিকান পার্টি।