আগামী সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি খতিয়ে দেখতে গতকাল শনিবার সকালে ঢাকায় পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি তথ্যানুসন্ধানী দল।
ইইউর ঢাকা দপ্তরের এক কর্মকর্তা জানান, ইইউ বহিঃসম্পর্ক বিভাগের কর্মকর্তা ব্যালথাসার বেঞ্জের নেতৃত্বে পাঁচ সদস্যের দলটি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করবে। আগামী নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচন শেষে পর্যবেক্ষক মিশন পাঠানোর সম্ভাব্যতা যাচাই করতে তথ্যানুসন্ধানী দলটি ৭ থেকে ২৩ সেপ্টেম্বর থাকবে। বিশেষ করে পর্যবেক্ষক মিশন নিয়োগের প্রয়োজনীতা এবং নির্বাচনের প্রস্তুতিতে এদের ভূমিকার বিষয়টি তথ্যানুসন্ধানী দলটি খতিয়ে দেখবে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফর শেষে প্রতিনিধিদলটি ব্রাসেলস ফিরে প্রতিবেদন জমা দেবে। আর নির্বাচনের দিনক্ষণ এগিয়ে এলে বাংলাদেশ সরকারের অনুরোধ এবং ওই সময়ের বিরাজমান পরিস্থিতি বিবেচনা করে নির্বাচনী পর্যবেক্ষক পাঠানো হবে।