পরিস্থিতি দেখে ভোট কেন্দ্রে যাওয়ার কথা ভাবছেন ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার তিন পৌরসভায় নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। কিন্তু সুষ্ঠুভাবে নির্বাচন হবে কি না তা নিয়ে সংশয় কাটছে না ভোটারদের।
গাইবান্ধা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী আফজাল হোসেন বলেন, ‘আমরা নির্বাচন নিয়ে শঙ্কিত। কারণ, গত ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনে ভোট ডাকাতি, ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ ও নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তাই ওই নির্বাচনের অভিজ্ঞতা থেকে এই নির্বাচন নিয়ে ভালো কিছু ভাবতে পারছি না।’
একই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সংস্কৃতিকর্মী রানা পাপুল বলেন, তিনি ভোট দিতে যাবেন কি না তা পরিস্থিতির ওপর নির্ভর করছে।
সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রিকশাচালক রবিউল মিয়া বলেন, ‘ভোট দিয়া হামারঘরে নাব কী। ভোটের দিন গন্ডগোল হয়। আর গন্ডগোলোত খালি গরিব মানসে মরে। ভোট দিব্যার যামো কিনা ঠিক নাই।’
তবে সুষ্ঠুভাবেই ভোট হবে বলে আশা করছেন এই পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আবদুল্লাহ আল মামুন।
গোবিন্দগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কলেজশিক্ষক রাহেনুল কবির বললেন, এমনিতেই নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ কম। কারণ জনপ্রতিনিধিরা ভোটের আগে যেসব কথা বলেন, নির্বাচিত হয়ে সেগুলো ভুলে যান। সরকার যতই সুষ্ঠু নির্বাচনের কথা বলুক, ভোটের দিন কী হবে তা নিয়ে ভোটারদের মধ্যে একটা ভীতি কাজ করছে।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামছুল আজম গতকাল বলেন, অতীতের সব নির্বাচনের চেয়ে এবারের পৌর নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। কারণ, এবার নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে ১৯ জন পুলিশ ও আনসার সদস্য থাকবেন। তিনটি কেন্দ্রের জন্য একজন ম্যাজিস্ট্রেট থাকবেন।
এবার গাইবান্ধার তিনটি পৌরসভায় মোট ভোটার ৮৬ হাজার ৫০০ জন। তিনটি পৌরসভায় মেয়র পদে ১৯ জন, কাউন্সিলর পদে ১৩৮ জন ও নারী কাউন্সিলর পদে ৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।